সিএমপির ১,২৭৭ পুলিশ সদস্যকে শাস্তি দেওয়া হয়েছে গত এক বছরে
চট্টগ্রামে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত অভিযোগে ২০০৪ সালেল ১ জুলাই থেকে ২০০৫ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে বিভিন্ন পদমর্যাদার মোট ১,২৭৭ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে কর্তৃপক্ষ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
শাস্তিপ্রাপ্ত পুলিশ সদস্যদের মধ্যে এসআই ও সার্জেন্ট রয়েছে ৬৪৪ জন এবং অপর ৬৩৩ জন এএসআই থেকে কনস্টেবল পর্যন্ত বিভিন্ন পদমর্যাদার।
এ প্রসঙ্গে সিএমপি’র উপ কমিশনার হুমায়ুন কবির বিডিনিউজকে বলেন, উর্র্র্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি গোচর হওয়া অপরাধ ও সাধারন মানুষের লিখিত ও মৌখিক অভিযোগের ভিত্তিতে এ শাস্তি দেওয়া হয়েছে।
অপেক্ষাকৃত কম বয়সী ও নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে অপরাধ প্রবনতা তুলনামূলকভাবে বেশি বলে তিনি জানান।
সুত্র জানায়, গত এক বছর শাস্তি পাওয়া পুলিশ সদস্যদের সংখ্যা সিএমপিতে কর্মরত পুলিশের এক চতুর্থাংশেরও বেশি। বর্তমানে সিএমপিতে প্রায় সাড়ে চার হাজার সদস্য কর্মরত রয়েছে।
গত বছর সিএমপিতে কর্মরত এসআই ও সার্জেন্টদের মধ্যে প্রত্যেকেই বিভাগীয় শাস্তি পেয়েছেন। বিভ্ন্নি ধরণের অপরাধে জড়িয় পড়া ও দায়িত্বে অবহেলার জন্য এ শাস্তি দেওয়া হয়েছে বলে উর্ধ্বতন একটি সুত্র জানায়।
শাস্তিপ্রাপ্তদের মধ্যে ৯৯ জনকে গুরু শাস্তি এবং ১১৭৮ জনকে লঘু শাস্তি দেওয়া হয়েছে।
গত বছর সিএমপিতে পুলিশ কর্তৃক সংঘটিত সবচেয়ে বড় অপরাধ হচ্ছে-ডিবি পুলিশ এর এক এসআই কর্তৃক এক ব্যবসায়ির ১০ লাখ টাকা ছিনতাই। চাকরিচ্যুত হওয়া ছাড়াও ওই এসআই এর দ্রুত বিচার আইনে পাঁচ বছরের জেল হয়েছে।
