২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইক্ষ্যংছড়ি থেকে ৫টি এ.কে--৪৭ রাইফেলসহ গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) বিশেষ অভিযান চালিয়ে শনিবার সকালে ৫টি একে-৪৭ রাইফেল, মেশিন গানের গুলি ও সেনাবাহিনীর ইউনিফর্ম উদ্ধার করেছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2005, 01:38 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, সন্ত্রাসীদের সাথে তাদের বন্দুকযুদ্ধের পর এসব অস্ত্র ও গোলাবারুদে উদ্ধার করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ রাইফেলসের নাইক্ষ্যংছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল আবদুল আউয়াল বীর প্রতীক।

সূত্র জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীর সীমান্তবর্তী জনমানবহীন গহীন অরণ্যে এ অভিযান চলাকালে সন্ত্রাসীরা বিডিআর সদস্যদের ওপর গুলি চালায়। এসময় উভয় পক্ষের মধ্যে দু’শতাধিক গুলি বিনিময় হয়।

এক পর্যায়ে বিডিআর সদস্যদের ঝটিকা অভিযানের মুখে সন্ত্রাসীরা তাদের আস্তানা ছেড়ে পালিয়ে যায়।

বান্দরবান সেনা রিজিয়ন মুখপাত্র বিডিনিউজকে জানান, সন্ত্রাসীদের হটিয়ে দেওয়ার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখান থেকে ম্যাগজিনসহ পাঁচটি একে-৪৭ রাইফেল, পাঁচটি ম্যাগজিন ভর্তি গুলি এবং মেশিনগানের  ৩০০ রাউন্ড গুলি ও  সেনাবাহিনীর বেশ কিছু ইউনিফর্ম উদ্ধার করেছে।

উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে বলে জানা গেছে।