২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ স্থায়ী সদস্যপদ লাভে জাপানকে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত

জাতিসংঘ নিরপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ লাভে জাপানকে সমর্থন দেয়ার কথা বৃহস্পতিবার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2005, 10:32 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

অন্যদিকে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য অর্জন এবং পদ্মা সেতু নির্মাণে জাপান বাংলাদেশকে সহায়তা দিতে সম্মত হয়েছে।

টোকিওতে বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জাপানি প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির যৌথ সংবাদ বিবৃতিতে একথা জানানো হয়।

প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১১ জুলাই থেকে সরকারি সফরে জাপান রয়েছেন। শুক্রবার তার দেশের ফেরার কথা রয়েছে।

যৌথ ওই সংবাদ বিবৃতিতে বলা হয়, বিভিন্ন ইস্যুতে দু’দেশের মধ্যে সহযোগিতা আরও বৃদ্ধি করতে উভয় দেশের প্রধানমন্ত্রী অঙ্গীকার ব্যক্ত করেছেন।

তারা তথ্য ও যোগাযোগ খাতে সহযোগিতা অব্যাহত রাখতে সম্মত হয়েছেন।

জাপানের বেসরকারি কোম্পানিগুলোতে বাংলাদেশী জনগণ যাতে প্রশিক্ষণ নিতে পারে সেজন্য উভয় দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বৈঠকে বাংলাদেশ সুশাসন প্রতিষ্ঠায় তার কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্র“তি ব্যক্ত করে।

জাপান আইন প্রয়োগকারী সংস্থা’র দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বাংলাদেশকে সাহায্যের ব্যাপারে সম্মত হয়েছে।

পরবর্র্তী সাধারণ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্মন্ন করার জন্য জাপানের কাছে বাংলাদেশ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।

উভয় দেশই যে কোনও সন্ত্রাসবাদের নিন্দা জানিয়েছে। নিরাপত্তা পরিষদের সংস্কারে জাপানের খসড়া প্রস্তাবে সমর্থন প্রদানে জাপানের আহ্বানকে বাংলাদেশ  গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে জানায়।

ঢাকায় জাপানি দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, আসিয়ান আঞ্চলিক ফোরামে (এআরএফ) যোগ দেওয়ার ব্যাপারে জাপান তাদের সমর্থন প্রকাশ করেছে।