বন্যায় নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর ও মাদারীপুরে নতুন এলাকা প্লাবিত, পানিতে ডুবে ১ শিশু নিহত
ভারি বর্ষণ ও সীমান্তবর্তী পাহাড়ি ঢলে সৃষ্ট ব্যাপক বন্যায় রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম মাদারীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে নতুন এলাকা প্লাবিত হওয়ার মধ্য দিয়ে বৃহস্পতিবার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। এসময়ে কুড়িগ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ঘটে।
বিডিনিউজ নীলফামারী প্রতিনিধি জানান, অতি বর্ষণ ও সীমান্তের ওপারে গজলডোবা ব্যারেজের সবকটি গেট খুলে দেওয়ায় এবং পাহাড়ী ঢলে নীলফামারীর ছয় উপজেলার গোটা নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। তিস্তা, বুড়ি তিস্তা, চাড়ালকাটা, বুড়িখোড়া, ধুম, কুমলাই, নাউতারা,যমুনেশ্বরী, খড়খড়িয়া, চিকলিসহ সবকটি নদ-নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বানের পানিতে তলিয়ে গেছে প্রায় ১১ হাজার একর জমির রোপা আমন বীজতলা। গোটা জেলার প্রায় ৬ হাজার একর নিচু জমির উঠতি পাট ক্ষেত কোমর পানিতে তলিয়ে থাকায় কৃষকরা তা কাটতে পারছেন না। নীলফামারী জেলা শহরের বেশিরভাগ নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।
ডালিয়ায় তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে। গত তিন দিনের ভারি বর্ষণে প্রবল পানির চাপ সামলাতে ব্যারেজের সব ক’টি গেট (৪৪টি) খুলে দেয়া হয়েছে।
এদিকে ডিমলা উপজেলার ঝাড়সিংহেশ্বর, দোহলপাড়া, কিসমতের চর, পশ্চিম খড়িবাড়ী, চরখড়িবাড়ী, ভাষানীর চর, উত্তর খড়িবাড়ী, তাপুর চর, দক্ষিণ খড়িবাড়ী, পূর্বখড়িবাড়ী, বাইশপুকুর, সতীঘাট, ছোটখাতা, ভেন্ডাবাড়ী, ছাতুনামা, উত্তর সোনাখুলী গ্রাম আজ বৃহস্পতিবার বিকেল তিনটা পর্যন্ত ২/৩ ফুট পানিরে নিচে তলিয়ে রয়েছে। এসব গ্রামের পানিবন্দী প্রায় ১২ হাজার মানুষ খাওয়ার পানি ও খাদ্য সংকটে ভুগছে। অনেক পরিবার তাদের ঘড়বাড়ি ফেলে নিরাপদ আশ্রয়ে সরে গেছে।
নীলফামারী শহরের বাবুপাড়া, সওদাগরপাড়া, মাছুয়াপাড়া, কলেজপাড়া, মাস্টারপাড়া, হাড়োয়া, নিউ বাবুপাড়া, শাহীপাড়া ও সৈয়দপুর পৌর এলাকার নতুন বাবুপাড়া, পুরাতন বাবুপাড়া, বাঙ্গালীপুর এলাকার ঘরবাড়িতে হাঁটু পানি উঠেছে। এছাড়াও অধিকাংশ এলাকা পানিতে ডুবে গেছে।
এদিকে, জলঢাকা উপজেলার হলদিবাড়ী এলাকায় ঝুঁকিপূর্ণ তিস্তা ডান তীর বাঁধের প্রায় ছয় হাজার ফুট এলাকার ভাঙ্গন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড বালুর বস্তা ফেলছে এবং বাঁশের পাইলিং নির্মাণ করছে। তিস্তা ব্যারেজের উজানে ঝাড়সিংহেশ্বর এলাকায় ২ ও ৩ নম্বর স্পারের মধ্যবর্তী স্থানে তিস্তার উত্তাল ঢেউ চরম আঘাত হানছে। যে কোনও মুহূর্তে বাঁধটি ধসে পড়ার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
বিডিনিউজ কুড়িগ্রাম প্রতিনিধি জানান, অব্যাহত বৃষ্টি এবং উজানে পাহাড়ি ঢলের কারণে কুড়িগ্রাম জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। গত ২৪ ঘন্টায় ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমোরসহ জেলার ওপর দিয়ে প্রবাহিত ১৫টি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। টানা বর্ষণে জেলার নয়টি উপজেলায় সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।
নতুন করে প্লাবিত অঞ্চল হলো সারডোবা ও জয়কুমোর। বৃহস্পতিবার কাঁঠালবাড়ি এলাকায় বাবু (৫) নামে এক শিশু পানিতে ডুবে মারা যায়।
বিডিনিউজ রংপুর প্রতিনিধি জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও চার দিনের টানা বৃষ্টিতে রংপুরে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। তিস্তার পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়ে বিপদসীমা ছুঁই ছুঁই করছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় রাতের মধ্যে অন্যান্য পয়েন্টে পানি প্রবাহ বিপদ সীমা অতিক্রম করবে বলে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা জানান।
জেলার আবহাওয়া অফিস সূত্র জানায়, গত ১৮ ঘন্টায় রংপুরে ১৬৭ দশমিক ২১ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তিস্তার পানি ডালিয়া, কাউনিয়া ব্রিজ ও কুড়িগ্রামের ধরলা নদীর পানি ধরলা ব্রিজ পয়েন্টে বিপদসীমার খুব কাছ দিয়ে প্রবাহিত হয়। পাউবো ধারণা করছে অব্যাহত ভাঙ্গন প্রতিরোধে জরুরি পদক্ষেপ না নিলে তিস্তা নদীর মূল বাঁধেও ভাঙ্গন ধরতে পারে। প্লাবিত অঞ্চলের মানুষ জ্বালানি ও বিশুদ্ধ খাবার পানির সংকটে ভুগছে।
বিডিনিউজ মাদারিপুর প্রতিনিধি জানান, টানা তিন দিনের বর্ষণে মাদারীপুরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অবিরাম বর্ষণে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অন্যদিকে, পদ্মা, কুমার, আড়িয়াল খাঁ ও পালরদী নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় ১২৫ দশমিক ০১ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
