বিএসএফ-এর গুলিতে নিহত ২ বাংলাদেশীর লাশ ৭ দিন পর ফেরত
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত ২ বাংলাদেশী যুবকের গলিত লাশ সাতদিন পর বৃহস্পতিবার বিডিআর--এর কাছে হস্তান্তর করেছে বিএসএফ কর্তৃপক্ষ।
পুলিশ ও বিডিআর সূত্র জানায়, বিএসএফ--এর এ্যাডজুটেন্ড পিকে দাসের কাছ থেকে লাশটি গ্রহন করেন বিডিআরের নায়েক সুবেদার শফিউদ্দিন। পরে বিডিআর কর্তৃপক্ষ পোর্ট থানা পুলিশের কাছে লাশ দু’টি হস্তান্তর করে।
থানার ওসি মোস্তফা কামাল লাশ গ্রহণ করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মিলনের মাধ্যমে তার পরিবারের কাছে বুঝিয়ে দেয়।
লাশ দিতে বিলম্বের ব্যাপারে বিএসএফ বলেছে, আইনি জটিলতার কারনে লাশ দু’টি ফেরত দিতে বিলম্ব হয়েছে।
গত ৮ জুলাই ভোর রাতে বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর সীমান্তের ২০ নং পিলারের কাছে একটি সংঘবদ্ধ চোরাচালানী দল ভারতীয় চোরাচালানী মালামাল নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভিড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
নিহতরা হচ্ছে স্থানীয় গয়ড়া গ্রামের নওশের আলীর পুত্র আব্দুল জব্বার ও পোড়াবাড়ি নারায়নপুর গ্রামের মনু মিয়ার পুত্র আব্দুল কাদের।
ঘটনাস্থল থেকে বনগাও থানা পুলিশ লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
লাশ ফিরিয়ে দিতে বিডিআরের পক্ষ থেকে বিএসএফ কর্তৃপক্ষকে পত্র দেওয়া হলেও তাৎক্ষণিকভাবে তাদের পক্ষ থেকে কোন সাড়া মেলেনি।
নিহতদের পরিবারের অনুরোধে বিডিআর পুনরায় তাগিদ দিলে বিএসএফ বৃহস্পতিবার দুপুরে লাশ দুটি হস্তান্তর করে।
