ফ্রি স্টাইল আমদানি সমর্থনে সরকার বাধ্য নয় : সাইফুর রহমান
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বলেছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ সৃষ্টি হয়েছে বিধায় সরকার ফ্রি স্টাইল আমদানি সমর্থন করতে বাধ্য নয়।
বাণিজ্যিক ব্যাংক সমূহের প্রধানদের সঙ্গে বুধবার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, আমাদের সমষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ রক্ষা করতে হবে।
তিনি বলেন, কিছু দায়িত্বজ্ঞানহীন ব্যাংকার এক লাখ মার্কিন ডলার মূল্যের ঋণপত্র খুলে থাকে, যেখানে তাদের ১০ হাজার মার্কিন ডলারও থাকে না।
অল্পকিছু ব্যংকার, যারা তাদের সাধ্যের বাইরে কাজ করতে যায়, তারাই এ ধরণের সমস্যার সম্মুখিন হয়। অন্যদিকে যারা নিজেদের সাধ্যের মধ্যে থাকে, তাদের এ ধরণের সমস্যা মোকাবেলা করতে হয় না।
ব্যাংক কর্মকর্তাদের সমালোচনা করে তিনি বলেন, এটা কোনও ফ্রি স্টাইল বাজার না এবং আমরাও যা ইচ্ছা তা-ই করতে পারি না।
সাইফুর রহমান এমন সময়ে এ কথা বললেন, যখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ হিসেবে তিন বিলিয়নেরও বেশি ডলার থাকা সত্ত্বেও আন্ত:ব্যাংক বাণিজ্যে ঋণপত্রের বিপরীতে ডলারের সমস্যা প্রকট হিসেবে দেখা দিয়েছে।
মন্ত্রী বলেন, ‘আমি ব্যাংক কর্মকর্তাদের ব্যাংকিং ব্যবস্থার প্রচলিত ধ্যাণ-ধারণা থেকে সরে আসতে এবং বর্তমান প্রেক্ষাপট ও চাহিদার ভিত্তিতে পদক্ষেপ নিতে বলেছি।’
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ডলার ছাড়ার ধারণা প্রত্যাখ্যান করে তিনি বলেন, কিছু নতুন ব্যাংক তাৎক্ষনিক আমদানি ও লাভের আশায় ঋণপত্র খোলে। সরকার এ ধরণের আমদানি সমর্থনে বাধ্য নয়।
আমদানিকারকদের যদি বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে অর্থায়ন করা হয়, সরকার পেট্ট্রোলিয়াম ও সারের জরুরী আমদানির পেমেন্টের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারে।
মন্ত্রী বলেন, ব্যাংকগুলো প্রতিমাসে গড়ে ৬০০ থেকে ৭০০ কোটি টাকার ঋণপত্র খুলেছে।
তিনি ব্যাঙ্কারদের উদ্দেশ্যে বলেন, দেশে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ আছে, তাতে ভারি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব নয়।
অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. সালেহউদ্দিন আহমেদ এবং অর্থ সচিব জাকির আহমেদ খানও উপস্থিত ছিলেন।
