চট্টগ্রামে নৌ বাহিনীর জেটিতে দুর্ঘটনার জন্যে দায়ি জাহাজ ২ লাখ ৭০ হাজার ডলার ক্ষতিপূরণ দিচ্ছে
চট্টগ্রামে নৌ বাহিনীর স্থাপনা বিএনএস ইশা খাঁ জেটিতে সংঘটিত নৌ দুর্ঘটনায় অভিযুক্ত বাহামার পতাকাবাহি জাহাজ এমভি সিইসি কোপেনহেগেন’র মালিক কর্তৃপক্ষ নৌ বাহিনীকে ২ লাখ ৭০ হাজার ডলার ( এক কোটি ৬৭ লাখ টাকা) ক্ষতিপূরণ দিয়ে দায়মুক্ত হয়েছে। ২৭ জুন সন্ধ্যায় কন্টেইনারবাহি এ জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে নৌ বাহিনীর জেটিতে দুর্ঘটনা ঘটিয়েছিল।
বুধবার সকালে বিএনএস ইশা খাঁ জেটিতে এমএইচ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সমঝোতা বৈঠকে ক্ষতিপূরণের চুক্তি স্বাক্ষরিত হয়। নৌ দুর্ঘটনার পর এত অল্প সময়ে সমঝোতা হওয়ার নজির এই প্রথম।
সমঝোতা বৈঠকে চুক্তিতে স্বাক্ষর করেন নৌ বাহিনীর কমোডর এমএইচ কবির, জাহাজ মালিকের প্রতিনিধি জন উইসন, পি অ্যান্ড আই ক্লাব প্রতিনিধি ক্যাপ্টেন মহিউদ্দিন আবদুল কাদের, চট্টগ্রাম বন্দরের সদস্য (অপারেশন) ক্যাপ্টেন কামরুল হাসান, নৌ বাণিজ্য অধিদপ্তরের নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন আসাদুজ্জামান এবং নৌ বাহিনীর কমান্ডার এমএল রহমান।
কর্ণফুলী নদীর বাঁকে অবস্থিত বিএনএস ইশা খাঁ জেটিতে ভবিষ্যতে দুর্ঘটনা রোধ করতে নৌ বাহিনীর সঙ্গে জাহাজ মালিকসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা আবারও বৈঠক করবেন বলে জানা গেছে।
দুর্ঘটনার পর কারণ উদঘাটন এবং ক্ষয়ক্ষতি নিরূপণের জন্যে চট্টগ্রাম বন্দর, নৌ বাহিনী, নৌ বাণিজ্য অধিদপ্তরের উদ্যোগে চারটি তদন্ত কমিটি গঠন করা হয়। ইতোমধ্যে তদন্ত কমিটিগুলো তাদের তদন্ত রিপোর্ট জমা দিয়েছে। নৌ বাহিনী তিন কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছিল।
দুর্ঘটনার পর থেকে জাহাজটিকে পুলিশ প্রহরায় রাখা হয়। খবর পেয়ে জাহাজ মালিকের প্রতিনিধি এবং পিএ্যান্ড আই ক্লাব প্রতিনিধি চট্টগ্রামে আসেন। পিএ্যান্ড আই ক্লাব প্রতিনিধি ক্যাপ্টেন মহিউদ্দিন আবদুল কাদের সাংবাদিকদের জানান, সমঝোতার মাধ্যমে ক্ষতিপূরণের ব্যবস্থা এবং অতি দ্রুত সমস্যা সমাধান হওয়াতে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা পেয়েছে এবং এ ধরনের সমাধান হলে তা দেশের জন্যে মঙ্গলজনক।
