টেকনাফে শরণার্থী ক্যাম্পে সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা: ৩ রোহিঙ্গা মাঝি গ্রেপ্তার
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে হোসেন আহমেদ নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে আরেকদল সন্ত্রাসী।
মায়ানমারে যাওয়া আসার ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাত প্রায় ১১ টায় নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ২ নম্বর শেডে এই হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় পুলিশ ৩ রোহিঙ্গা মাঝিকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় সূত্র জানায়, নিহত হোসেন আহমেদও একজন রোহিঙ্গা সন্ত্রাসী। সে দীর্ঘ দিন ধরে শরনার্থী শিবির ও আশেপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল। মঙ্গলবার রাত প্রায় ১১ টায় কয়েকজন রোহিঙ্গা সন্ত্রাসী ২ নম্বর শেডে তাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে। তার শরীরে ১৮টি দা’র কোপ দেয়া হয়েছে।
এ ঘটনায় পুলিশ ৩ জন রোহিঙ্গা মাঝিকে গ্রেফতার করেছে। এরা হল গফুর মাঝি, কালা মিয়া মাঝি ও নুরুল আলম মাঝি। ঘটনার পর থেকে রোহিঙ্গা শিবিরে উত্তেজনাপূর্ণ থমথেমে অবস্থা বিরাজ করছে।
টেকনাফের নয়াপাড়া ও উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে দীর্ঘদিন ধরে মাঝি নামের আড়ালে সন্ত্রাস, চাঁদাবাজি ও রোহিঙ্গা প্রত্যাবাসন বিরোধী কার্যক্রম চলে আসছে। অভিযোগ রয়েছে রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের কতিপয় কর্মকর্তা এদের সহযোগিতা দিয়ে যাচ্ছে।
