মুন্সীগঞ্জের হত্যা মামলায় ১৫ জনের ফাঁসি
জেলার শ্রীনগরের বাগড়া ইউনিয়নে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে চারজনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার রায়ে ১৫ জনের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড, নয়জনের যাবজ্জীবন এবং ১২ জনের দুই বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এছাড়াও যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামীদের প্রত্যেককে আরও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে অতিরিক্ত এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ১ নং ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূরউদ্দিন আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।
অপর ৭২ জন আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস প্রদান করে।
২০০১ সালের ৭ জুলাই আসামীরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মনোয়ার আলী, তার দুই ভাই আনোয়ার আলী ও বাদশা এবং ভাগ্নে সালাহউদ্দিনকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে হত্যা করে।
ওই ঘটনায় মনোয়ার আলীর স্ত্রী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় মোট ১০৮ জনকে আসামী করা হয়।
ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত আসামীদের মধ্যে রয়েছে : ওই ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী, তার ছেলে মাহফুজ, মান্নান শাহ, ফারুক গাজী, সালাম, কুটি চাঁদ, সবুজ আলী, নাজির, নিজাম, সালাম সিকদার, মাহাফুজ, মিন্টু, শওকত আলী ও জয়নাল মোক্তার।
আসামীরা সকলেই বাগড়া ইউনিয়নের বাসিন্দা এবং তাদের অধিকাংশই পলাতক রয়েছে।
এদিকে, রায় ঘোষণার পর নিহত মনোয়ার আলীর স্ত্রী এবং মামলার বাদিনী মেহেরুন নেছা সন্তোষ প্রকাশ করেছেন। তিনি রায় দ্রুত কার্যকর করার আহ্বান জানান।
