ইসলামী দলগুলো নিয়ে সরকার এখন বিপাকে
জোট সরকারের শরীক ইসলামী দলগুলো নিয়ে সরকার এখন বিপাকে। সরকারের শীর্ষ স্থানীয় নীতিনির্ধারক সূত্র জানায়, ইসলামী দলগুলোর সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান সরকারের জন্য হয়ে দাঁড়িয়েছে উদ্বেগের বিষয়।
এছাড়া ৬৯’র গণঅভ্যুত্থাণ স্মরণে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) মেয়রের জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ সরকারের ওই উদ্বেগে করেছে গতিসঞ্চার।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পৃথক আরবী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইস্যুতে সরকারের সাথে ইসলামী দলগুলোর সম্পর্ক এখন ভাল যাচ্ছে না। সরকার দেশের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে যেতে চায়।
কিন্তু জোটের শরীক জামাতসহ অন্য ইসলামী দলগুলোর দাবি, পৃথক একটি আরবী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার। এ ইস্যুতে সদ্য সমাপ্ত সংসদ অধিবেশনেও ওইসব দলের সদস্যরা রাখেন জোরালো বক্তব্য। বিএনপি ও জাতীয় পার্টির কয়েকজন সাংসদকেও দেখা যায় এ সব দাবির পক্ষে অবস্থান নিতে। এতে সরকারি দলের মন্ত্রী ও নীতিনির্ধারকদের পড়তে হয় বিব্রতকর অবস্থায়।
সূত্র মতে,এ অবস্থায় আরবী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না করে মাদ্রাসাগুলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আনা হলে কোনো নেতিবাচক প্রতিক্রিয়া হবে কি না--এটি সরকারের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
সম্প্রতি সরকারের শরীক ইসলামী ঐক্যজোট বিভক্ত হয়েছে চার খণ্ডে। একটি অংশের নেতা সাংসদ মুফতি ফজলুল হক আমিনী প্রকাশ্যেই সরকার বিরোধী বক্তব্য দিচ্ছেন।
তবে শায়খুল হাদীছ আজিজুল হকের নেতৃত্বাধীন আরেক অংশ জোটের ভেতরেই ব্যস্ত সময় কাটাচ্ছে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য।
আবার বিভক্ত ইসলামী ঐক্য জোটের প্রতিটি অংশেরই এখন জামাতের বিরুদ্ধে প্রকাশ্য অবস্থানে। জোটের ভেতরে অবস্থান নিয়েও সরকারের ক্ষমতার ভাগ না পেয়ে ঐক্যজোট নেতারা জামাতের ওপর ক্ষুব্ধ।
সূত্র জানায়, জোটের প্রধান শরীক দল বিএনপি মনে করছে, এ অবস্থানের কারণে আগামী নির্বাচনে ইসলামী মনা ভোটারদের একটি বড় অংশের ভোট সরকারকে হারাতে হবে। বিগত নির্বাচনে এ সব ভোটের অধিকাংশই পড়েছিলো জামাত ও ইসলামী ঐক্যজোটের কারণে বিএনপির বাক্সে।
এদিকে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে প্রধান বিরোধী দল আওয়ামী লীগসহ তাদের সমমনা দলগুলোর অবস্থান এখন স্পষ্ট। শিগগিরই তারা সংস্কার রূপরেখা প্রকাশ করার ঘোষণাও দিয়েছে। এটি বিরোদী দলের আন্দোলনে গতি সঞ্চর করবে বলে সংশ্লিষ্টদের।
সূত্র জানায়, অন্যদিকে ডিসিসির মেয়র সাদেক হোসেন খোকার নেওয়া ৬৯’র গণঅভ্যুত্থানের স্মরণে জাদুঘর নির্মাণের উদ্যোগকেও জোট সরকারকে ভাবিয়ে তুলেছে। বিএনপি নামক রাজনৈতিক দলটির জন্মই হয়েছে গণঅভ্যুত্থাণের এক দশক পর। ওই আন্দোলনের পুরোভাগেই ছিলো আওয়ামী লীগসহ তাদের সমমনা দলগুলো।
এ ব্যাপারে মেয়র সাদেক হোসেন খোকার সঙ্গে যোগাযোগ করা হলে বিডিনিউজকে তিনি অবশ্য বলেন, ওই জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়ার আগ্রহে। তার আগ্রহেই গণঅভ্যুত্থানের নায়কদের সংবর্ধনা এবং জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, তাই এ নিয়ে কোনো সন্দেহ বা উদ্বেগের অবকাশ নেই।
তবে সূত্র মতে, জাদুঘর প্রতিষ্ঠা হলে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের যে উজ্জল দিক উদ্ভাসিত হবে, তা জোট সরকারের আদর্শিক অবস্থানের বিপরীত। এটি হবে সরকারের জন্য আতœঘাতি বিষয়।
এদিকে আগামী সংসদ নির্বাচনে রাজনৈতিক হাওয়ার গতিমুখ এখন কোন দিকে-তা নিশ্চিত হতে গোয়েন্দা সংস্থাগুলো এখন তৎপর। এছাড়া ওই সব বিষয়েও গোয়েন্দার সংগ্রহ করছেন মাঠ পর্যায়ের নানা তথ্য।
