কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত
কুমিল্লায় ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে বাস এবং বেবিট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে চারজন একই পরিবারের।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সোয়া ৯টায় দাউদকান্দির পাচিয়া বাসস্ট্যান্ডের কাছে গৌরিপুর থেকে দাউদকান্দি আসার পথে যাত্রীবাহী একটি বেবিট্যাক্সির সাথে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই বেবিট্যাক্সি চালক সেলিম (৪৫), রফিকুল ইসলাম (৫৫) ও তার ভাই সামসুদ্দোহা (২২) নিহত হয়। রফিকুল ইসলামের স্ত্রী আবেদা খাতুন (৪৫) ও পুত্র রুহুল আমিনকে (৩২) হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় আহত অপর একজনের অবস্থা আশংকাজনক। তার নাম জানা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাত্রীবাহী বাসটিকে আটক করে। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।
এ ব্যাপারে দাউদকান্দি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
