দক্ষ জনশক্তির অভাবে ৩ পার্বত্য জেলায় চা বোর্ড গৃহীত পাইলট প্রকল্পের বাস্তবায়ন কাজ ব্যাহত
দক্ষ জনশক্তির অভাবে তিন পার্বত্য জেলায় চা চাষ শুরু করার লক্ষ্যে বাংলাদেশ চা বোর্ড (বিটিবি) গৃহীত পাইলট প্রকল্পের বাস্তবায়ন কাজের কাঙ্খিত অগ্রগতি হচ্ছেনা ।
বাংলাদেশ চা বোর্ড (বিটিবি) সূত্র জানায়, তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবনে চা চাষ শুরুর লক্ষ্যে ২০০৩ সালে চার কোটি ৬২ লাখ টাকা ব্যায়ে পার্বত্য এলাকায় ক্ষুদ্র আয়তনের চা চাষ প্রকল্প নামে পাইলট প্রকল্প হাতে নেয়া হয়। প্রকল্পের আওতায় পরীক্ষমূলকভাবে তিন জেলায় তিন’শ হেক্টর জমিতে চা বাগান তৈরি করা হবে। পার্বত্য এলাকার চাষীরা বিটিবির সহায়তায় পাঁচ থেকে ১০ একর জমিতে ক্ষুদ্র আয়তনের চা বাগান তৈরি করবে। বিটিবি ও আগ্রহী চাষীদের সূত্র মতে, চা চাষে অভিজ্ঞ ও দক্ষ জনশক্তির অভাবে প্রকল্পটির বাস্তবায়ন কাঙ্খিত মাত্রায় হচ্ছে না। ২০০৩ সালে শুরু হওয়া এই প্রকল্পের আওতায় শুধুমাত্র বান্দরবানে দেড় হেক্টর চা বাগান তৈরি সম্ভব হয়েছে।
পাইলট প্রকল্পের জন্য একজন করে পরিচালক, সচিব, সম্প্রসারণ কর্মকর্তা, মাঠ সহকারি, কম্পিউটার অপারেটর ও পিয়ন নিয়োগ দেয়া হয়।
দুই বছরেও প্রকল্পটির কোন অগ্রগতি না হওয়ায় প্রকল্প পরিচালক ও সচিব পরিবর্তন করে শ্রীমঙ্গলের চা গবেষণা ইনস্টিটিউট থেকে ১০ জন মাঠ সহকারি নিয়োগ দেওয়া হয়েছে।
বর্তমান প্রকল্প পরিচালক কামাল উদ্দিন বিডিনিউজকে বলেছেন, এই প্রকল্পের যতটুকু আগ্রগতি হয়েছে তা গত দুই মাসেই হয়েছে। ১০ জন মাঠ সহকারি নিয়োগের ফলে পার্বত্য এলাকার চাষীদের চা চাষে প্রশিক্ষণ প্রদান শুরু করা সম্ভব হয়েছে।
বান্দরবানের চা চাষী ওসমান গনি বিডিনিউজকে বলেছেন, অনেক তোড় জোড় করে চা চাষ প্রকল্প ২০০৩ সালে উদ্বোধন হলেও বিটিবি চাষীদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারেনি। যার ফলে আগ্রহ থাকা সত্ত্বেও অনেকে চা চাষ শুরু করতে পারেনি।
প্রকল্পের আওতায় চা চাষে প্রশিক্ষণ, চারা প্রদান ছাড়াও প্রতি হেক্টরে ঋণ ও অনুদানসহ এক লাখ ১২ হাজার টাকার আর্থিক সহায়তা করা হবে ।
বিটিবি সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত বান্দরবানে ২০ জন, খাগড়াছড়িতে ৩৮জন চাষীকে তালিকাভূক্ত করা হয়েছে। এছাড়া রাঙ্গামাটিতে প্রায় ৫০ জন চাষী তালিকাভূক্তির আবেদন করেছে।
দেশে বর্তমানে ৪৯ হাজার হেক্টর জমিতে চা চাষ হচ্ছে। এখান থেকে বাৎসরিক চা উৎপাদন হচ্ছে ৫৮ মিলিয়ন কেজি। প্রতি বছর চা বৃদ্ধির হার এক শতাংশ। বিপরীতে চা ভোক্তার হার বৃদ্ধি পাচ্ছে তিন শতাংশ হারে। বর্তমান অবস্থা অব্যাহত থাকলে ২০১৫ সাল নাগাদ দেশের চা রপ্তানি বন্ধ হয়ে যাবে। এই পরিস্থিতি থেকে উত্তরনের জন্য ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় সরকার বিটিবির মাধ্যমে পার্বত্য জেলাগুলোতে চা চাষ শুরুর উদ্যোগ নেয়।
ইউরোপীয় ইউনিয়নের বিশেষজ্ঞদের মতে তিনি পার্বত্য জেলায় চা চাষে উপযোগী ৪৭ হাজার হেক্টর ভূমি রয়েছে। তা ছাড়া এই এলাকা চা চাষে খুবই উপযোগী।
