বিলুপ্তির পথে মৌলভীবাজারের লাউয়াছড়া ন্যাশনাল পার্ক
অযত্ন আর অবহেলা, নির্বিচারে গাছপালা ও পাহাড় কাটার ফলে বিলুপ্তির পথে মৌলভীবাজারের লাউয়াছড়া ন্যাশনাল পার্ক।
মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার প্রায় তিনশ’ হেক্টর পাহাড়ি জমিতে গড়ে তোলা হয় লাউয়াছড়া ন্যাশনাল রিজার্ভ ফরেস্ট এরিয়া। প্রাণী ও উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণ, বনজ সম্পদের সুষম ব্যবহার, পরিবেশ বিষয়ক সচেতনতা সৃষ্টি, শিক্ষা ও পরিবেশ সম্মত পর্যটন বিকাশই ছিল ন্যাশনাল পার্ক স্থাপনের মূল লক্ষ্য।
গভীর বনাঞ্চল লাউয়াছড়ায় পশুখাদ্য হিসেবে ফলজ গাছ যেমন আমড়া, বেহলম, আমলকি, হরিতকী, জাম, বহেড়া, শিমুল, তেতুল, অশ্বত্থ, টোকটুকি, ডেফল, ছৈলতা, বট, ডেউয়া, কেনফল, লুকলুকি ইত্যাদি গাছগাছালি রয়েছে। বন্য প্রাণীরা এসব ফল খেয়ে তাদের খাদ্যের চাহিদা পূরণ করে।
কিন্তু নির্বিচারে গাছগাছালি কেটে পরিষ্কার করায় প্রাণীকুলের জীবন হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। প্রায় দেড়-দুই দশকের ব্যবধানে বন্য প্রাণীর খাদ্য সংকট মারাত্মক আকার ধারণ করেছে। ফলজ গাছে ফল ধরায় ঘাটতি দেখা দেওয়ায় অথবা নিঃশেষ হয়ে যাওয়ায় বনাঞ্চলে বহু প্রজাতির পশুপাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে।
এদিকে, জেলার বনাঞ্চলগুলোতে বন্যপ্রাণীদের উপযোগী খাদ্য না পেয়ে বনের ভিতর থেকে নানা প্রজাতির পশুপাখি লোকালয়ে এসে অকালে প্রাণ হারাচ্ছে।
আবার বিভিন্ন এলাকায় সড়ক-মহসড়ক পার হতে গিয়ে রাতের আধারে গাড়িচাপা পড়ে মারা যাচ্ছে দুর্লভ প্রজাতির বাঘ, ভালুকসহ নানা প্রকার বন্যপ্রাণী। এসব দুর্ঘটনায় গত ১০ বছরে অন্তত ৭/৮টি মেছো বাঘসহ শতাধিক বন্যপ্রাণী মারা গেছে।
বন বিভাগ সূত্র জানায়, কমলগঞ্জ মাগুরছড়া গ্যাসকূপ বিস্ফোরণের বিরূপ প্রতিক্রিয়ায় পরিবেশ বিপর্য়য়ের ফলে লাউয়াছড়া ও আশপাশ এলাকার বন্যপ্রাণী বিপথগামী হতে শুরু করে।
এছাড়া, পাহাড় ছড়া ভরাট হয়ে যাওয়ায় বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী যেমন- কাঁকড়া, গিরগিটি, গুইসাপ, কেচো, শামুক কাপনা ও চিংড়িসহ নানা প্রকার জলজ প্রাণী হারিয়ে গেছে।
বন বিভাগ সূত্র জানায়, বিগত বছরগুলোতে যেসব প্রাণী বন থেকে লোকালয়ে বেরিয়ে এসেছে তারমধ্যে বেশ কিছু প্রাণী সংগ্রহ করে তাদের জিম্মায় রেখে তা আবার বনে ছাড়া হয়েছে।
গত এক বছরের হিসাবে দেখা গেছে, সাতটি মেছো বাঘ, দুইটি খরগোশ, শতাধিক অজগর ও কয়েকটি বনমোরগ ছাড়া হয়েছে।
এছাড়াও শ্রীমঙ্গল শহরের এক সময়ের দৃর্ধর্ষ শিকারি বর্তমানে প্রাণী সংরক্ষণবিদ নামে পরিচিত সিতেশ রঞ্জন দেব তার ব্যক্তিগত উদ্যোগে বহু বন্যপ্রাণী লাউয়াছড়ায় ছেড়েছেন।
সাম্প্রতিক সময়ে অজগরের ৭০টি বাচ্চা তার চিড়িয়াখানায় ফোটানোর পর লাউয়াছড়ায় ছেড়েছেন। গত এক বছরে তিনি আরও ১২টি মেছোবাঘ, দুইটি মায়া হরিণ, ভালুক, বানর, হনুমান লাউয়াছড়ায় অবমুক্ত করেছেন।
এদিকে ইউনিকল নতুন করে মৌলভীবাজার এম, বি-৪ গ্যাস কূপের ড্রিলিং শুরু করেছে। ফলে বিপুল পরিমাণ গাছ ও টিলার মাটি কাটায় পরিবেশ বিপর্যয়ের আশংকা করছেন পরিবেশবিদরা।
