২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ রেলওয়েকে করপোরেটাইজেশনের সুপারিশ করেছে বিশ্বব্যাংক ও এডিবি

বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক ((এডিবি)) অব্যাহত ক্ষতির হাত থেকে রক্ষার জন্য সরকারের কাছে বাংলাদেশ রেলওয়ে’র করপোরেটাইজেশনের সুপারিশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2005, 07:33 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের সঙ্গে তার বাসভবনে বৈঠককালে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ক্রিষ্টিনা ওয়ালিচ এবং এশীয় উন্নয়ন ব্যাংকের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি হুয়া ডু এ সুপারিশ করেন।

সাইফুর রহমান সুপারিশের সমর্থন করে বলেন, আসুন আমরা সংগঠনটি পুনরুজ্জিবিত করি।

মন্ত্রী বলেন, বাংলাদেশ রেলওয়ে’র কোনও আয়-ব্যায়ের বিবৃতি নেই। কোনও জবাবদিহতা নেই। এমনকি নেই কোনও সাংগঠনিক কাঠামো। কারা রেলওয়ে পরিচালনা করছে তা চিহিৃত করা সত্যিই কঠিন হয়ে পড়েছে।

ঢাকা-সিলেট সড়ক যোগাযোগের উন্নতি ঘটায় ইতোমধ্যে ঢাকা-সিলেট রুটে রেলওয়ে যাত্রীর সংখ্যা কমে গেছে।

এছাড়াও প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নির্মাণ কাজ সম্পন্ন হলে পরিস্থিতির আরও অবনতি হবে।

রেলওয়েকে নতুনভাবে সংগঠিত করার অংশ হিসেবে ইন্টার মডাল ট্রান্সপোর্ট সিস্টেমের ওপর গবেষণার জন্য শিগগিরই একজন পরামর্শক নিয়োগ করা হবে।

মন্ত্রী বলেন, বাংলাদেশ রেলওয়েকে নতুনভাবে সংগঠিত করতে ৫শ’ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হবে। বিশ্বব্যাংক ও এডিবি এই ব্যয় বহন না করলে আমরা নিজেরাই তা করব।

বিশ্বব্যাংক ও এডিবি প্রধানরা বলেন, বাংলাদেশের সড়ক যোগাযোগ খাতে গত কয়েক দশকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

তারা বলেন, রেলওয়ের পুর্নগঠনের জন্য এটাই চূড়ান্ত সময়। অন্যথায় আগামীতে এই খাতটি আরও বেশি সমস্যার মুখোমুখি হবে।

বৈঠক কালে বিশ্বব্যাংকের পরিবহন বিষয়ক অর্থনীতিবিদ বিনিয়াম রেজা এবং এডিবি’র পরিবহন বিশেষজ্ঞ প্রদ্যুত দত্ত উপস্থিত ছিলেন।