২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নুরুন্নবীর বাড়িতে এখন শোকের মাতম

সৌদি আরবের তায়েফ নগরীতে আসবাবপত্রের দোকানে অগ্নিকান্ডে নিহত বাংলাদেশের সাত কাঠমিস্ত্রীর অন্যতম নুরন্নবীর বাড়িতে এখন শোকের মাতম।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

রোববার গভীর রাতে মোবাইল ফোনে মৃত্যু সংবাদ পাওয়ার পর গ্রামের বাড়ি ফেনীতে তার বৃদ্ধ মা বার বার সংজ্ঞা হারাচ্ছেন। পুত্রের মুখ দেখার জন্য অধীর হয়ে আছেন তিনি।  পরিবারের সকলে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন, নুরন্নবীর লাশ দেশে এনে বাড়িতে তার পিতার পাশে দাফনের ব্যবস্থা করা হোক।

ফেনী শহর থেকে ৩০ কিলোমিটার দূরে সোনাগাজি উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের ভূইয়াবাজার এলাকার মরহুম শফি মিস্ত্রীর একমাত্র ছেলে নুরন্নবী (৩২)। ছোটবেলা থেকেই পিতার সঙ্গে কাজ শিখে পিতার মৃত্যুর পর শফি পুরোদমে কাঠমিস্ত্রী হিসেবে কাজ করতে থাকে। প্রায় ১০ বছর আগে ফেনী সদর উপজেলার মরহুম আব্দুর রাজ্জাকের কন্যা মনোয়ারা বেগমের সঙ্গে তার বিয়ে হয়। এ দম্পতির তিন ছেলেমেয়ে। বড় মেয়ে মুন্নী (৮) দ্বিতীয় শ্রেনীর ছাত্র। দ্বিতীয় মেয়ে কাকলী (৬) এবং একমাত্র ছেলে আড়াই বছর বয়সী নুর

হোসেন । একমাত্র ছেলেকে দেখে যেতে পারেনি নুরন্নবী।

নবীর মা মরিয়ম নেছা জানান, বছর তিনেক আগে প্রায় দেড় লাখ টাকা খরচ করে নুরন্নবী বিদেশ যান। জমি বিক্রি এবং ঋণ করে এ টাকা সংগ্রহ করা হয়েছিল। বিদেশ থেকে নবী টাকা শোধ করতো। অল্প কিছু টাকা বাকি ছিল। এ কারণে সে বাড়ি আসেনি। পুরো টাকা শোধ করার পর বাড়ি আসার কথা ছিল।

কান্নাজড়িত কন্ঠে  নবীর স্ত্রী মনোয়ারা জানান, নবী তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতো এবং টাকা পাঠাতো। মৃত্যুর তিনদিন আগে টেলিফোনে তার সঙ্গে নবীর কথা হয়। নবী জানিয়েছিল, দ’ুজন ভাগ্নের জন্যে দু’টি ভিসা সংগ্রহ করার চেষ্টা করছে সে এবং দুটি সম্ভব না হলে একটি ভিসা হলেও পাঠাবে।

নবীর পাঁচ বোনের সকলেই বিবাহিত। মোহসেনা খাতুন (৪০), রহিমা খাতুন (৩৯)  একমাত্র ভাইয়ের মৃত্যুতে শোকাতুর। তারা জানান, নবী সব সময় মোবাইল ফোনে মা, বোন ও স্ত্রী-সন্তানদের খোঁজ নিতেন। তারা আরও জানান, দুজন ভাগ্নেকে বিদেশ নিয়ে যাওয়ার জন্যে সে চেষ্টা করছিল। কিন্তু তার মৃত্যুতে তাদের এ স্বপ্ন ভেঙ্গে গেছে। নবীর মা, বোন ও আত্মীয়-স্বজন প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন, নবীর মরদেহ গ্রামের বাড়িতে  দাফন করা হোক।