২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ভারতের সঙ্গে অব্যাহত সংলাপ ও গঠনমূলক সম্পৃক্ততার পক্ষে

পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান বলেছেন, সকল দ্বিপক্ষীয় ইস্যুর সমাধানে বাংলাদেশ ভারতের সঙ্গে অব্যাহত সংলাপ ও গঠনমূলক সম্পৃক্ততায় বিশ্বাস করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2005, 09:15 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

তিনি বলেন, দ্বিপক্ষীয় ইস্যু সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ভুল বোঝাবুঝি এড়াতে এবং দু দেশের জনগণের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলার লক্ষ্যে তিনি ইতোমধ্যেই বাংলাদেশ-ভারত আন্তঃসংসদীয় কমিটি গঠনের প্রস্তাব করেছেন।

সফররত ভারতের সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনি একথা বলেন।

বিমসটেক সদস্য দেশ হিসেবে মানুষে মানুষে যোগাযোগের উদ্দেশ্যে ভারতের সংসদীয় ও প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী এবং ডেপুটি চিফ হুইপ বিকে হ্যানডিক’র নেতৃত্বে সংসদীয় প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে।

বৈঠকে বিমসটেক’র সহায়তায় পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয়। বিমসটেক ছাড়াও বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা এবং সীমান্ত ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু বৈঠকে আলোচনা করা হবে।

প্রতিনিধি দল দু দেশের মধ্যে মিথষ্ক্রিয়া জোরদারের বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব ফোরাম গঠনের প্রস্তাব করেন।

দু দেশের জনগণের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উল্লেখ করে মোরশেদ খান সকল ক্ষেত্রে সাংসদ এবং পেশাজীবীদের নিয়মিত উচ্চ পর্যায়ের বিনিময়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে প্রতিনিধি দল মন্ত্রণালয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রিয়াজ রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয হাই কমিশনার বীণা সিক্রি উপস্থিত ছিলেন।