২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইকোর সঙ্গে চুক্তি বাতিলের দাবি

নাইকোর সঙ্গে চুক্তি বাতিলের দাবি তোলা হয়েছে রোববার রাজধানীতে অনুষ্ঠিত এক গোল টেবিল বৈঠকে। জাতীয় প্রেসক্লাবে সাপ্তাহিক ২০০০ এবং অ্যাকশন এইড যৌথভাবে এই আলোচনার আয়োজন করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2005, 07:20 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

বৈঠকে বক্তারা টেংরাটিলা অগ্নিকাণ্ডের প্রধান কারণ হিসাবে নাইকোর অবহেলা এবং রিলিফ কূপ খননে তাদের অনভিজ্ঞতার কথা উল্লেখ করে কানাডীয় এই কোম্পানির সঙ্গে যৌথ চুক্তি (জেভিএ) বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বৈঠকে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের অধ্যাপক ড. বদরুল ইমাম ‘টেংরাটিলা অগ্নিকাণ্ডের কারণ এবং পরিনতি’ বিষয়ক উপস্থাপনায় বলেন, এটা খামখেয়ালিপনা। আমি কখনও বিশ্বের কোথাও রিলিফ কূপ খননে অগ্নিকাণ্ডের কথা শুনিনি।

তিনি দ্বিতীয়বার অগ্নিকাণ্ডের জন্য একাধিক কারণ চিহ্নিত করেন। এগুলোর মধ্যে রয়েছে -রিলিফ কূপ খননে  দীর্ঘছয় মাস অতিবাহিত করা, ক্ষতিগ্রস্ত বালির স্তরে গ্যাস পকেট সম্পর্কে অনুমান ও প্রস্তুতি গ্রহণে ব্যর্থতা এবং প্রথম যে কূপে অগ্নিকাণ্ড সংঘটিত হয়, তার কাছেই  রিলিফ কূপ খনন।

তিনি বলেন, পরপর দুইবার অগ্নিকাণ্ডে আণ্ডারগ্রাউণ্ড গ্যাস ট্যাঙ্ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও গ্যাস ফিল্ড কাঠামো অনিশ্চয়তার মুখে পড়েছে।      

ড. ইমাম আরও বলেন, অগ্নিকাণ্ডে ১৫৫ বিলিয়ন ঘনফুট সম্বলিত গ্যাস ক্ষেত্রের টপ গ্যাস জোন ক্ষতিগ্রস্ত হতে পারে।

তিনি জেভিসি’কে সন্দেহজনক হিসেবে উল্লেখ করে এজন্য সঠিক তদন্ত করার পাশাপাশি দোষীদের বিচারের আহ্বান জানান। তিনি ২৭০ বিলিয়ন ঘনফুট গ্যাস থাকা সত্ত্বেও ছাতক গ্যাস ক্ষেত্রকে পরিত্যক্ত ঘোষণা করার সমালোচনা করেন।

বৈঠকে অন্যান্যের মধ্যে ক্ষমতাসীন এবং বিরোধী দলের কয়েকজন সাংসদ, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক পেট্রোবাংলা চেয়ারম্যান ড. আব্দুল্লাহ, ড. হোসেন মনসুর, বিচারপতি গোলাম রব্বানি, অধ্যাপক আনু মুহম্মদ এবং ড. আতিউর রহমান বক্তৃতা করেন।

বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. কাজী খলিকুজ্জামান বৈঠক পরিচালনা করেন।

সংবিধানের ৪৭ নং ধারার উল্লেখ করে বিচারপতি গোলাম রব্বানি খনিজ সম্পদকে জনগনের মৌলিক অধিকারে পরিণত করার জন্য সংবিধানে একটি ধারা যোগ করার জন্য সাংসদদের প্রতি আহ্বান জানান।

বৈঠকে আওয়ামী লীগ সাংসদ লে. কর্ণেল ফারুক খান এমপি বলেন, যে কোম্পানী প্রথম কূপের অগ্নিকাণ্ডের ৩০ মিটারের মধ্যে রিলিফ কূপ খনন করেছে, দ্বিতীয় অগ্নিকাণ্ডের সকল দায়দায়িত্ব তাদেরকেই নিতে হবে। তিনি বলেন, ওই কোম্পানী এখন তাদের দায়দায়িত্ব অন্যের ঘাড়ে চাপাতে চাইছে।

বৈঠকে অন্যান্য বক্তাও নাইকোর কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেন। এছাড়াও কোন আর্ন্তজাতিক দরপত্র আহ্বান ছাড়াই তারা নাইকোর সঙ্গে চুক্তি সম্পাদনের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানান।

ড. কাজী খলিকুজ্জামান বলেন, পরবর্তী রিলিফ কূপ খননের দায়দায়িত্ব সরকারের নেওয়া উচিত।