২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদের সংঘর্ষে সাভার গণবিশ্ববিদ্যালয় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ

সাভার গণবিশ্ববিদ্যালয়ে শনিবার দুপুরে এমবিবিএস ও ইংরেজী বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে কর্তৃপক্ষ অনির্দিষ্ট কালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2005, 10:43 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

এমবিবিএস বিভাগের শিক্ষার্থীরা জানায়, সম্প্রতি তাদের সেমিস্টার পরীক্ষায় ইংরেজী বিভাগের শিক্ষক ট্যারেন্স পিনারু হল সুপার থাকাকালীন এমবিবিএস বিভাগের শিক্ষিকা ডা. তছলিমা আক্তারকে পরীক্ষার সময়ে পরীক্ষার্থীদের নকলে সহযোগিতার অভিযোগে পরীক্ষা কক্ষ থেকে বের করে দেন। এ ঘটনায় উভয় বিভাগের মধ্যে বিরোধের সূত্রপাত হয়।

এ বিরোধের জের ধরেই বৃহস্পতিবার মিছিল চলাকালে ওই ইংরেজি বিভাগের শিক্ষক ছাত্র-ছাত্রীদের সামনে পড়লে তারা তাকে গালিগালাজ করে। এ নিয়ে আবার শিক্ষকদের সঙ্গে আন্দোলনরত (বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনরত) ছাত্র-ছাত্রীদের বাকবিত-া হয়।

পরে এই ঘটনা নিয়ে শনিবার দুপুরে ক্যাম্পাসের ক্যান্টিনে ইংরেজি বিভাগের ছাত্র রাসেলের নেতৃত্বে একদল একদল ক্যাডার এমবিবিএস ছাত্র সবুজ ও মান্নাকে মারধর করে। এ খবর এমবিবিএস ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়লে উভয়ের মধ্যে সংঘর্ষে ঘটে। এতে আসিফ, শাহেদ, তানজিল, তানভির, টুটুলসহ বেশ কয়েকজন আহত হয়। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগে ভাংচুর চালায়।

শনিবার বিকেলে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করলে প্রতিবাদে শিক্ষার্থীরা উপাচার্যের কক্ষের সামনে অবস্থান নেয়। উপাচার্য ঘটনার সত্যতা স্বীকার করেছেন।