জিপিএ-৫ এর আধিক্যের কারণ চতুর্থ বিষয়
চতুর্থ বিষয়ের নম্বর যোগ হওয়ায় এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের অধিক সংখ্যক জিপিএ-৫ পেয়েছে।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে যে স্কুল থেকে অধিক সংখ্যক জিপিএ-৫ পেয়েছে সে সমস্ত স্কুলের শিক্ষকরা এমন ধারণা করছেন।
এবারের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ড থেকে ২,২৬৫ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এরমধ্যে বিজ্ঞান বিভাগের ১,৭৫১, মানবিক বিভাগের ৫২ ও ব্যবসা শিক্ষা বিভাগের ৪৬২জন রয়েছে।
গতবার চট্টগ্রাম শিক্ষাবোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছিল ১২০৯ জন।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে সরকারী কলেজিয়েট স্কুলের ৩৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩১ জনই জিপিএ-৫ পেয়েছে।
এই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ আজিজ উদ্দিন বিডিনিউজকে জানান, চতুর্থ বিষয়ের নম্বর যোগ হওয়াই ভালো ফলাফলের মূল কারণ।
ইস্পাহানী পাবলিক স্কুল এ- কলেজের প্রিন্সিপাল হাসিনা জাকারিয়া বিডিনিউজকে জানান, মডেল টেস্টের ওপর জোর দেওয়া ও চতুর্থ বিষয়ের নম্বর যোগ হওযা জিপিএ-৫ আধিক্যের কারণ।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ওবায়দুর আকবর বিডিনিউজকে জানান, নকলের প্রবণতা হ্রাস পাওয়ায় পরীক্ষার সংস্কৃতিই পাল্টে গেছে। এই পরিবর্তনের সুফল হচ্ছে এবারের ভালো ফলাফল।
