২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ক্রসফায়ারে চরমপন্থী নেতা নিহত

রাজশাহীর মোহনপুর উপজেলার  বেলগাছি এলাকায় শুক্রবার মধ্যরাতে র‌্যাবের ক্রসফায়ারে চরমপন্থি নেতা নিহত হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2005, 07:42 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

নিহতের নাম এসএম গোলাম মর্তুজা ওরফে চাঁদ (২৮)। সে বাগামারা উপজেলার তাহেরপুর বাজারের শেখ গোলাম মাওলার ছেলে।

র‌্যাব সূত্র জানায়, নিহত চাঁদ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (এমএল-লাল-পতাকা’র) আঞ্চলিক নেতা। তার বিরুদ্ধে তিনটি হত্যাসহ সন্ত্রাস ও চাঁদাবাজির অসংখ্য অভিযোগ রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, চাঁদ বিপ্লবী ছাত্রমৈত্রীর বাগমারা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক। পরিবারের দাবি, চাঁদের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মামলা থাকলেও সে কোন চরমপন্থী দলের সাথে জড়িত ছিলনা। তাকে রাজনৈতিক উদ্দেশে র‌্যাব ক্রসফায়ারের নামে হত্যা করেছে। 

র‌্যাব সূত্র আরও জানায়, র‌্যাবের  একটি দল সাত জুলাই তাহেরপুর বাজার এলাকা থেকে চাঁদকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর শুক্রবার মধ্য রাতে চাঁদকে নিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সহযোগিদের গ্রেফতারের জন্য র‌্যাব সদস্যরা মোহনপুরের উদ্দেশ্যে রওনা হয়। রাত আনুমানিক দেড়টায় বেলগাছি নামক স্থানে পৌঁছামাত্র আগে থেকে ওঁৎ পেতে থাকা অজ্ঞাতনামা সশস্ত্র সন্ত্রাসীরা র‌্যাব সদস্যদের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধের পর চাঁদকে গুলিবিদ্ধ অবস্থায় খয়রা বাজার-বেলগাছি সড়কের মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে এক কিলোমিটার দুরের রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়।

তাৎক্ষনিকভাবে দ্রুত চিকিৎসার জন্য তাকে মোহনপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে একটি শার্টারগান, এক রাউন্ড  পয়েন্ট ১২ বোর বন্দুকের গুলি এবং একটি  ছোরা উদ্ধার করে।