সৈয়দপুরের হোটেল থেকে তরুণীর লাশ উদ্ধার
নীলফামারীর সৈয়দপুর শহরের রানা বোডিং থেকে শুক্রবার রাত ৯টায় পুলিশ এক তরুণীর লাশ উদ্ধার করেছে।
দু’দিন আগে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে নিহত তরুণী এক যুবককে নিয়ে ওই বোডিংয়ে ওঠে। হোটেলের রেজিস্ট্রারে নিহত তরুণীর নাম তানিয়া ও যুবকের নাম টিটো এবং ঠিকানা খিলগাও, ঢাকা হিসেবে লেখা রয়েছে।
হোটেল ম্যানেজার মিজানুর রহমান বিডিনিউজকে জানান, ৬ জুলাই তারা নিজেদেরকে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ১০১ নম্বর রুমে ওঠে। টিটো ঢাকায় ফিরে যাওয়ার জন্য নৈশ কোচের টিকেট কাটার কথা বলে শুক্রবার দুপুরের পর বাইরে চলে যায়। রাত ৯টা পর্যন্ত সে ফিরে না আসায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হলে রুমের দরজায় ডাকাডাকি করে। কিন্তু তাতে কোন সাড়া না মেলায় পুলিশে খবর দেয়া হয়।
সৈয়দপুর থানার ওসি আনিসুর রহমান বিডিনিউজকে জানান, বিবস্ত্র অবস্থায় তরুণীর লাশ উদ্ধার করা হয়। তার দেহে ধর্ষণের স্পষ্ট আলামত পাওয়া গেছে। পুলিশের ধারণা নিহত তরুণীকে গণধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে। হত্যাকান্ডের সাথে আরও অনেকে জড়িত থাকতে পারে বলে পুলিশ সন্দেহ করছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ দিন ধরেই ওই বোডিংয়ে অসামাজিক কার্যকলাপ চলে আসছে।
