অর্থনৈতিক কূটনীতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতায় সংসদীয় স্থায়ী কমিটির ক্ষোভ
অর্থনৈতিক কূটনীতিতে ব্যর্থতার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি বৃহস্পতিবার ক্ষোভ প্রকাশ করেছে। কমিটি একই সাথে এর কার্যক্রম বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে।
জাতীয় সংসদ ভবনে স্থায়ী কমিটির এক বৈঠক শেষে কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার জিয়াউর রহমান খান সাংবাদিকদের বলেন, পররাষ্ট্র নীতির ক্ষেত্রে অর্থনৈতিক কূটনীতি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এটা দুর্ভাগ্যজনক যে, অর্থনৈতিক কূটনীতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম সন্তোষজনক নয়।
অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রে দুর্বলতাগুলো খুুঁজে বের করতে কমিটি সাংসদ মেজর (অব.) মঞ্জুর কাদেরকে প্রধান করে তিন সদস্যের একটি উপ কমিটি গঠন করেছে। উপ কমিটির অন্য দুই সদস্য হলেন সাংসদ নাসের রহমান ও মোজাম্মেল হক। আগামী আট সপ্তাহের মধ্যে উপ কমিটিকে এ সম্পর্কিত প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে।
বৈঠকে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনশক্তি বাড়ানোর ব্যাপারেও আলোচনা হয়। এসময় লন্ডন, সিঙ্গাপুর ও জেদ্দাসহ অন্যান্য বাংলাদেশ মিশনগুলোতে প্রটোকলের আকার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
মিশন প্রধান ও অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে সমন্বয় সাধনের ব্যাপারেও বৈঠকে আলোচনা হয়।
এদিকে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে সেদেশে একটি সংসদীয় দল পাঠানোর ব্যাপারে আলোচনা করা হয়।
ব্যারিস্টার জিয়াউর রহমান খান বলেন, এ ব্যাপারে আমরা স্পিকার ও ভারতীয় রাষ্ট্রদূতের সাথে আলোচনা করেছি। আগস্টে সংসদীয় দল ভারত সফরে যেতে পারে বলে তিনি জানান।
বৈঠকে ভিসা পদ্ধতি নিয়েও আলোচনার সময় ভিসা পদ্ধতি সহজ করা এবং অস্ট্রেলিয়ার সিডনি ও দক্ষিণ চীনের কুনমিং এ নতুন দুটি অফিস খোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, রেদওয়ান আহমেদ, নাসের রহমান, মেজর (অব.) মঞ্জুর কাদের বৈঠকে অংশ নেন। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রিয়াজ রহমান, পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।
