২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চুরির তথ্য জানতে গিয়ে ২ সাংবাদিক লাঞ্ছিত, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের গবেষণাগারে তিন লক্ষাধিক টাকার যন্ত্রপাতি ও ক্যামিক্যালস  চুরির ঘটনা জানতে গিয়ে দৈনিক প্রথম আলো’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধিসহ দুই সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2005, 09:40 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

লাঞ্ছিত সাংবাদিকরা হলেন দৈনিক প্রথম আলোর রাবি প্রতিনিধি কুদরত-ই-খুদা বাবু ও স্থানীয় দৈনিক সোনালী সংবাদ’র রাবি প্রতিনিধি মনসুর আলম।

 বিভাগীয় জামাতপন্থি দুই শিক্ষকের দ্বারা সাংবাদিকদ্বয় লাঞ্ছিত হন। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বিজ্ঞান ভবনের তৃতীয় তলাস্থ প্রাণিবিদ্যা বিভাগের সভাপতির কক্ষে।

সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ করেন। দায়ি শিক্ষকদের শাস্তির দাবিতে সমাবেশ থেকে আগামি শনিবার উপাচার্যকে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়।

লাঞ্ছিত সাংবাদিকদ্বয় জানান, বেলা একটার দিকে তারা প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক শফিনুর রহমান’র কাছে  চুরির ব্যাপারে জানতে চাইলে তিনি এ ব্যাপারে কিছু জানাতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে বিভাগীয় সভাপতি ও তার সহকর্মী অধ্যাপক সাইফুল ইসলাম সাংবাদিকদের ওপর চড়াও হন। খবর পেয়ে একই বিভাগের শিক্ষক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর খালেকুজ্জামান ঘটনাস্থলে এসে আক্রান্ত সাংবাদিকদের উদ্ধার করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৩ এপ্রিল দিবাগত রাতে প্রাণিবিদ্যা বিভাগের এমফিল, পিএইচডি ও মাস্টার্সের দু’টি গবেষণাগার থেকে দু’টি ইলেকট্রনিক্স ব্যালেন্স, তিনটি মাইক্রো প্রিপেইড, তিনটি পিএইচ মিটার, তিনটি মাইক্রোস্কোপ, কয়েক জার রাসায়নিক পদার্থসহ তিন লক্ষাধিক টাকার বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও মালামাল চুরি যায়।