নয়াটোলা স্কুল ছাত্রের মৃত্যু: প্রধান শিক্ষিকা ও শিক্ষক গ্রেফতার
শিক্ষকের প্রহারে নগরীর নয়াটোলা স্কুলের ছাত্র দীপুর মৃত্যুর পর পুলিশ বৃহস্পতিবার স্কুলের প্রধান শিক্ষিকা শাহীনা আখতার ও সহকারি শিক্ষক খোরশেদুল হককে গ্রেফতার করেছে।
এদিকে স্কুল ছাত্র দীপু ইসলামের (১২) মৃত্যুর ঘটনা তদন্ত করতে কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
নয়াটোলা স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র দীপুকে প্রধান শিক্ষিকা ও অপর এক শিক্ষক বুধবার নির্দয়ভাবে পেটানোর পর তার প্রচ- জ্বর আসে। পরে তার মৃত্যু হয়।
শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আসাদুজ্জামান বৃহস্পতিবার সকালে স্কুল পরিদর্শন করে ঘটনার ব্যাপারে খোঁজ খবর নেন। এসময় তিনি অভিযুক্ত প্রধান শিক্ষিকা ও সহকারি শিক্ষকের সাথে কথা বলেন। তবে দীপু নিহত হওয়ার ঘটনায় তারা নিজেদেরকে নির্দোষ দাবি করেন।
পরে রমনা থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য শাহীনা আখতার ও খোরশেদুল হককে গ্রেফতার করে।
শিক্ষা অধিদপ্তরের উপ- পরিচালক (ডিডি) ওয়াহিদুন্নবীকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, ঢাকা জেলার উপ - প্রকল্প কর্মকর্তা (ডিপিও) দেলোয়ার হোসেন ও মতিঝিল জোনের থানা শিক্ষা অফিসার (টিইও) আবু সাঈদ।
কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে।
