২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের লোক দেখানো তদন্ত কমিটি, তিন বছরে একটিতেও রাখা হয়নি যোগ্য ব্যক্তি

তিন বছরে তিনটি বিমান দুর্ঘটনার তদন্ত কমিটির কোনোটিই যোগ্য ব্যক্তিদের দিয়ে করা হয়নি। এ কারণে এসব কমিটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2005, 08:09 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

অনুসন্ধানে জানা যায়, আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থার (আইকাও) নিয়ম অনুযায়ী, বিমান দুর্ঘটনার তদন্ত করার জন্যে সংশ্লিষ্টদের প্রযুক্তিগত উচ্চতর প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক। বাংলাদেশে এ প্রশিক্ষণের ব্যবস্থা না থাকায় বিদেশে নিতে হয় ওই উচ্চতর বিশেষ প্রশিক্ষণ।

এদিকে বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ তথা বিমান মন্ত্রণালয় গত তিন বছরে যে তিনটি উড়োজাহাজ দুর্ঘটনার তদন্ত কমিটি গঠন করেছে, এসব কমিটির সদস্যদেরতো বটেই, এমনকি কমিটির প্রধানদেরও ওই প্রশিক্ষণ নেই। উপরন্তু উড়োজাহাজ ও এর উড্ডয়ন সংক্রান্ত প্রযুক্তিগত বিদ্যাও এসব কমিটির কারো নেই।

সিভিল এভিয়েশন সূত্র জানায়, এসব তদন্ত কমিটির কারো উড়োজাহাজ দুর্ঘটনা তদন্তের প্রয়োজনীয় প্রশিক্ষণ বা উড়োজাহাজ সংক্রান্ত প্রযুক্তিগত বিদ্যা নেই। ওই উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত সিভিল এভিয়েশনের ক্যালিব্রেশন পাইলট ফ্লাইট ক্যাপ্টেন আহাদুল আমিন ও প্রতিষ্ঠানের পরামর্শক পিকে বিশ্বাস বছর দুয়েক আগেই অবসর গ্রহণ করেছেন। এখন সিভিল এভিয়েশনের কোনো কর্মকর্তারই ওই প্রশিক্ষণ নেই।

বেসরকারি এয়ার পারাবতের একটি প্রশিক্ষণ উড়োজাহাজ ২০০২ সালের জুলাইয়ে উত্তরায় ক্র্যাশ ল্যান্ডিং করলে দুর্ঘটনায় নিহত হন এর একমাত্র আরোহী ফ্লাইট ক্যাপ্টেন মোজাম্মেল। ওই দুর্ঘটনা তদন্তে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বর্তমান জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের উপ পরিচালক স্কোয়াড্রন লিডার (অব.) মাসুদ ইমামের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে।

২০০৪ এর ৮ অক্টোবর সিলেট বিমাবন্দরে বিমানের এফ ২৮ উড়োজাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ঢাকা সিলেট রুটের অভ্যন্তরীণ ফ্লাইটটির পাইলট, কো পাইলট, কয়েকজন ভিআইপি যাত্রীসহ মোট ৭৯ জন কমবেশী আহত হন। ওই দুর্ঘটনা তদন্তে সিভিল এভিয়েশনের পরিচালক (এয়ার ট্রাফিক) হাবিব উল্লাহকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। সর্বশেষ চট্টগ্রামে বিমানের ডিসি ১০ দুর্ঘটনা তদন্তে আবারো হাবিব উল্লাহর নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এসব বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে অস্বীকার করেন। তিনি সিভিল এভিয়েশন চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার কমডোর হারুন উর রশিদ চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।