২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার বিনিময়ে খাদ্য এবং উপবৃত্তি একটা প্রহসনমূলক চর্চা: সেমিনারে বক্তাদের মত

নবগঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক মঞ্চ আয়োজিত ‘পাবলিক বিশ্ববিদ্যালয়: শিক্ষা, দর্শন ও সংকট’ শীর্ষক দিনব্যাপী এক সেমিনারে বক্তারা বলেছেন, শিক্ষার বিনিময়ে খাদ্য এবং উপবৃত্তি একটা প্রহসনমূলক চর্চা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2005, 05:42 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত এ সেমিনারে বক্তারা আরও বলেন, কালো টাকার মালিকরাই সমাজ ও অর্থনীতি পরিচালনা করছেন এবং তাদের মতাদর্শই শিক্ষাক্ষেত্রে প্রতিফলিত হচ্ছে।

দিনব্যাপি এ সেমিনার ‘শিক্ষার দর্শন ও পাবলিক বিশ্ববিদ্যালয়’, পাবলিক বিশ্ববিদ্যালয় ও তার বর্তমান সংকট’ এবং ‘১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন’ শীর্ষক  তিনটি অধিবেশনে বিভক্ত ছিল। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন। 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আনু মুহাম্মদ, আলতাফ হোসাইন ও মাহমুদুল রানা। তিনটি অধিবেশনে সমন্বয়কারি হিসেবে দায়িত্ব পালন করেন নাসিম আখতার হোসাইন, মুহাম্মদ জাফর ইকবাল এবং আনু মুহাম্মদ।

আলোচনায় অংশ নেন আমিরুল ইসলাম চৌধুরী, অজয় রায়, মুহাম্মদ জাফর ইকবাল, আকমল হোসেন, দারা শামসুদ্দিন, হোসাইন কবীর, হাসিবুর রহমান, গোবিন্দ চক্রবর্তী, সাদাব নুরে ইসলাম, আমীন মোহাম্মদ আলী প্রমুখ।

সেমিনারে বক্তারা আরও বলেন, দারিদ্র্য সৃষ্টির প্রক্রিয়া অব্যাহত রেখে সার্বজনীন শিক্ষা রসিকতা ছাড়া আর কিছু নয়। সেমিনারে ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ১৯৭৩ সালের অধ্যাদেশের নব রূপরেখা’ শীর্ষক প্রস্তাবনা উপস্থাপন করা হয়।