২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ব্রাদার্স

প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে বুধবার দুই শিরোপা প্রত্যাশীর লড়াইয়ে আবাহনী লিমিটেডকে ২ - ১ গোলে হারিয়ে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন ক্লাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2005, 09:06 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

আক্রমন পাল্টা আক্রমনের মধ্য দিয়ে প্রানবন্ত হয়ে উঠা ম্যাচে বিজয়ী দলের পক্ষে প্রাণতোষ ও এডোয়ার্ড ভিক্টোর এবং এনডেম এ কিয়াক আবাহনীর পক্ষে একটি গোল করেন।

দুর্যোগপূর্ন আবহাওয়ার কারণে তিন দিন লিগের খেলা বন্ধ থাকার পর বুধবার প্রায় হাজার দশেক ফুটবল অনুরাগী দর্শক বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভিড় জমিয়েছিল দুই দলের লড়াকু খেলা উপভোগ করার জন্য।

বুধবারের ম্যাচে আবাহনীকে হারিয়ে ব্রাদার্স নিজেদের অবস্থান সুসংহত করলেও আবাহনী এই পরাজয়ের ফলে শিরোপা লড়াই থেকে বেশ কিছুটা দুরে সরে গেল। নয় ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে এই মুহুর্তে চ্যাম্পিয়নরা পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে। এক ম্যাচ কম খেলে তাদের চাইতে দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। অন্যদিকে সমানসংখ্যক ম্যাচে আবাহনীর সংগ্রহ ১৪ পয়েন্ট।

এডোয়ার্ডের মাধ্যমে ম্যাচের ১৭ মিনিটে প্রথম আক্রমনের সূচনা করে ব্রাদার্স। তবে রাশিয়ান এই স্ট্রাইকারের শটটি আবাহনীর গোলবার উঁচিয়ে বাইরে চলে যায়। দুই মিনিট পর পাল্টা আক্রমন চালায় আবাহনী। তবে লাজুকের মাপা ক্রস থেকে বল পেয়েও স্ট্রাইকার ফরহাদ গোলপোস্টের মাত্র ছয় গজ দুর থেকেও তা বাইরে পাঠিয়ে দেন।

২৫ মিনিটে হেডের সাহায্যে গোল করে ব্রাদার্সকে এগিয়ে দেন প্রাণতোষ। গোলের উৎস তৈরী করে দেন মিডফিল্ডার আবুল (১ - ০)।

আগের তিন ম্যাচে গোল না পাওয়া ব্রাদার্সের স্ট্রাইকার এডোয়ার্ড গত ২৭ জুন সন্তানের বাবা হওয়ায় যেন গোলের ছন্দে ফিরেছেন। ৪৫ মিনিটে আবাহনীর গোল সীমানায় বল ফেলেন পারভেজ বাবু। তা থেকে বাঁ পায়ের আলতো টোকায় বল জালে ঠেলে দেন এডোয়ার্ড (২ - ০)।

দুই গোলে পিছিয়ে পড়ে মরিয়া হয়ে আক্রমন চালায় আবাহনী। আক্রমনের এই ঢেউয়ের মধ্যেই দ্বিতীয়ার্ধের তিন মিনিটে পেনাল্টি থেকে গোল আদায় করে নেয় ধানমন্ডির দলটি। ৪৮ মিনিটে ব্রাদার্সের লিটন আবাহনীর ওবায়দুরকে অবৈধভাবে বাধা দিলে রেফারী মনসুর আজাদ পেনাল্টির বাঁশি বাজান। আবাহনীর ক্যামেরুনের রিক্রুট কিয়াক গোল করে ব্যবধান কমান (১ - ২)।

৫২ মিনিটে সমতা ফেরানোর একটি সুযোগ পায় আবাহনী। কিন্তু স্ট্রাইকার ফরহাদ অল্পের জন্য গোলপোস্টে বল পাঠাতে ব্যর্থ হলে হতাশ হয় আবাহনী সমর্থকরা। অন্যদিকে ৮৭ মিনিটে ব্রাদার্সও গোলসংখ্যা বাড়ানোর সুযোগ পেয়েছিল। এমিলির কোনাকুনি শটটি আবাহনীর গোলবারে লেগে ফিরে গেলে ২ - ১ এ সন্তুষ্ট থাকতে হয় চ্যাম্পিয়নদের।