২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ‘বিচার দিবস’ পালন

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (এসএএসপি) বুধবার সভা, মিছিল ও বারপ্রঙ্গণে মানববন্ধন কর্মসূচির মধ্য দিয়ে ‘বিচার দিবস’ পালন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2005, 08:48 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনসহ সারা দেশে বার প্রাঙ্গণসমূহে এ কর্মসূচি পালিত হয়েছে।

সরকার রাজনীতিকিকরণের মাধ্যমে বিচার বিভাগকে ধ্বংসের যে পরিকল্পনা করেছে তা থেকে বিচার বিভাগ ও সুপ্রিম কোর্টকে রক্ষা করতে এসএএসপি নেতৃবৃন্দরা সকল আইনজীবীদের প্রতি আহবান জানান।

এদিকে বুধবার সরকার সমর্থিত আইনজীবীরা এটর্নি জেনারেল অফিসে সদ্য নিয়োগপ্রাপ্ত ডেপুটি এটর্নি জেনারেল এমজে মোহাম্মদ আলীকে অতিথি করে এক মধ্যহ্ন ভোজের আয়োজন করে। এসময় আইনজীবীরা এটর্নি জেনারেলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসএএসপি নেতা এবং বাংলাদেশ বার কাউন্সিলের সহসভাপতি রোকনউদ্দিন মাহমুদ বলেন, সরকার বিচারকদের কাঁধে বন্দুক রেখে সকল আইনজীবীদের ক্রসফায়ারে মারার চেষ্টা করছে। আমরা সরকারকে এটা করতে দেবনা এবং আইনজীবীরা সরকারের অপইচ্ছা বাস্তবায়ন প্রতিহত করবে।

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবনে এসএএসপি আয়োজিত এক সভায় নের্তৃবৃন্দ বলেন, তাদের ছয় দফা দাবি পূরণ না হলে এসএএসপি’র ব্যানারে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

তাদের দাবির মধ্যে রয়েছে, পৃথক ও স্বাধীন বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্টে যোগ্য, সৎ ও অভিজ্ঞ বিচারক নিয়োগ, বিচার, বিচারক ও সুপ্রীমকোর্টের ভাবমুর্তি রক্ষা করা এবং সমাজে বিচার ও আইনের শাসন কায়েম করা।

বার এসোসিয়েশ’র অনেক সদস্যও বিচার দিবস উপলক্ষে সভা, মিছিল ও মানববন্ধনের আয়োজন করেন।

এসএএসপি আগামী ২৯ জুলাই ঢাকায় দেশের সকল আইনজীবীদের নিয়ে মহাসমাবেশের আয়োজন করবে।

এসএএসপির আহবায়ক ব্যারিস্টার এম আমির উল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এসসিবিএ সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম, সাবেক এসসিবিএ সভাপতি ব্যারিস্টার শফিক আহমেদ ও অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট এমএ হালিম, এসসিবিএর সম্পাদক অ্যাডভোকেট এনায়েতুর রহিম, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট শাহারা খাতুন, অ্যাডভোকেট জেডআই খান পান্না, অ্যাডভোকেট বশির আহমেদ প্রমুখ।