২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলাধার সংরক্ষণ আইনের খসড়া চুড়ান্ত

নদী, খাল, জলাশয় সংরক্ষণ, উন্নয়ন, পুনরুদ্ধার ও ভরাট নিয়ন্ত্রণ আইনের খসড়া চুড়ান্ত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

খসড়ায় আইন অমান্যকারীদের জন্য ছয় মাস থেকে পাঁচ বছর কারাাদ- এবং তিন লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

বুধবার পানি সম্পদ মন্ত্রী হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে এ সংক্রান্ত আইন প্রণয়নে গঠিত মন্ত্রীসভা কমিটির এক বৈঠকে ওই আইনের খসড়া চুড়ান্ত করা হয়।

পানি সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী এম. শামছুল ইসলাম, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ, কৃষিমন্ত্রী এমকে. আনোয়ার, বন ও পরিবেশ মন্ত্রী তরিকুল ইসলাম, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস প্রমুখ।

বৈঠক শেষে পানি সম্পদ মন্ত্রী হাফিজউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, খসড়াটি মন্ত্রী পরিষদের সভায় অনুমোদনের পর সংসদের পরবর্তী অধিবেশনে উত্থাপন করা হবে।

এ আইনে নৌ বন্দর এলাকার ৫০ মিটার এবং এর বাইরে নদীর উভয় তীরে ১০ মিটার এলাকার মধ্যে কোনো রকম স্থায়ী অবকাঠামো বা স্থাপনা নির্মাণ করা নিষিদ্ধ হচ্ছে।

তবে কর্তৃপক্ষ প্রয়োজনে ব্যক্তি মালিকানাধীন জমিতেও পানি সম্পদের উন্নয়ন, নদী ভাঙ্গনরোধ, শহর রক্ষা ও জনস্বার্থে স্থায়ী অবকাঠামো নির্মাণের বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করতে পারবেন।

হাফিজউদ্দিন আহমেদ বলেন, নদ-নদী ও খাল-বিল ভরাটের কারণে ক্রমেই বন্যার প্রকোপ বাড়ছে। সামান্য বৃষ্টিতেই নগর জুড়ে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতার। এসবই জনজীবনে দুর্ভোগের সৃষ্টি করছে।

তিনি বলেন, প্রস্তাবিত আইন প্রণয়ন এবং কার্যকর হলে অবৈধ দখলদারদের থেকে নদী নালা ও খাল বিল রক্ষা করা সম্ভব হবে। এই আইন কার্যকর ভূমিকা রাখবে অবাধে পানি চলাচলকে ত্বরান্বিত করে বন্যা রোধে।

তিনি আরো আশাবাদ ব্যক্ত করেন, আইনটির আওতায় দখল হয়ে যাওয়া নদী ও খাল বিলগুলো উদ্ধার করা সম্ভব হবে।