২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী প্রতিশ্রুত খানজাহান আলী বিমানবন্দর নির্মান অনিশ্চিত

অর্থ বরাদ্দ না থাকায় বিভাগীয় শহর খুলনায় খানজাহান আলী অভ্যন্তরীণ বিমানবন্দর নির্মান কাজ অনিশ্চিত হয়ে পড়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2005, 10:16 AM

Updated : 26 Apr 2022, 05:50 PM

সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্র জানায়, এ বছরও ওই বিমানবন্দর নির্মান শুরু হচ্ছে না। বিমানবন্দরটি নির্মানের জন্য প্রায় তিন বছর আগে ৮৩ কোটি টাকা ব্যয় নির্ধারন করে প্রাক প্রকল্পপত্র পরিকল্পনা কমিশনে জমা দেওয়া হয়। কিন্তুু কমিশন অর্থ বরাদ্দের ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও পর্যন্ত গ্রহণ করেনি।

এ সম্পর্কে বেসমরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মীর মোহম্মদ নাসির উদ্দিন বিডিনিউজকে বলেন, খানজাহান আলী বিমানবন্দর নির্মান প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার। এটি অবশ্যই করা হবে।

বিমান প্রতিমন্ত্রী বলেন, কিন্তু এ মূহুর্তে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নেই। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত নির্মান কাজ শুরু করা হবে।

জানা যায়, প্রাক প্রকল্পপত্রে বলা হয়েছে, যশোর বিমানবন্দরের  শতকরা ৮০ ভাগ যাত্রী খুলনার। উপরন্তু মংলা সমুদ্র বন্দর, মংলা ইপিজেড ও খুলনার শিল্প বাণিজ্য এবং সুন্দরবনের সম্ভাবনাময় পর্যটন শিল্পের গুরুত্ব বিবেচনা করে খুলনায় বিমানবন্দর নির্মান জরুরি।

মন্ত্রণালয় সূত্র জানায়, বিমানবন্দর নির্মানের জন্য আরও ৩০ হেক্টর জমি অধিগ্রহণ করা প্রয়োজন। এর আগে বাগেরহাটের রামপালে ৩৯ হেক্টর জমি অধিগ্রহণ করা হয়। মন্ত্রণালয় ১৯৯৫ সালে এখানে বিমানবন্দর নির্মানের উদ্যোগ গ্রহণ করে।

সূত্র জানায়, বাগেরহাটে বিমান মন্ত্রণালয় ১৯৯৭ সালে বিমানবন্দর নির্মানের জন্য ২৪ কোটি টাকা বরাদ্দ দেয়। ওই অর্থ দিয়েই অধিগ্রহণকৃত জমিতে মাটি ভরাট কাজ শুরু করা হয়। কিন্তুু মন্ত্রণালয়ের সিদ্ধান্তহীনতার কারণে শেষ পর্যন্ত নির্মান কাজ বন্ধ করে দেওয়া হয়।