চাপাইনবাবগঞ্জের প্রথম শ্রেনীর ম্যাজিট্রেটের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে সুয়োমটো রুল জারি
চাপাইনবাবগঞ্জের প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আখতারুজ্জামানের বিরুদ্ধে মঙ্গলবার আদালত অবমাননার অভিযোগে সুয়োমটো রুল জারি করেছেন হাইকোর্ট।
আগামী ২ আগস্ট মোহাম্মদ আখতারুজ্জামানকে সশরীরে উপস্থিত হয়ে হাইকোর্টের আদেশ অবজ্ঞা করায় তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না কারণ দর্শানোর জন্যে নির্দেশ দেয়।
বিচারপতি মীর হাসমত আলী এবং বিচারপতি এবিএম হাতেম আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেয়।
জেলার গোমস্তাপুর উপজেলার আক্কেলপুর গ্রামের সিদু সরদার ২০০৩ সালের ২৩ নভেম্বর গরু চুরি অভিযোগে একই গ্রামের বাবর আলী সহ আট জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে।
মামলাটি দ্রুত বিচার আইনে পরিচালনা না করতে বাবর আলী হাইকোর্টের শরণাপন্ন হন। এ বছরের ১ মার্চ বিচারপতি মীর হাসমত আলী এবং বিচারপতি একেএম আসাদুল্লাহ সমন্বয়ে গঠিত এক বেঞ্চ মামলাটি দ্রুত বিচার আইনে পরিচালিত না করে দন্ডবিধির অধীনে চপাইনবাবগঞ্জের ম্যাজিস্ট্রেট কোর্টে মামলাটি পরিচালনা করতে নির্দেশ দেয়।
বাবর আলী হাইকোর্টের নির্দেশ মোহাম্মদ আখতারুজ্জামানের আদালতে জমা দেওয়ার পরও তিনি তা গ্রহণ না করে দ্রুত বিচার আইনেই বাবর আলীকে শাস্তি প্রদান করেন।
