২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরের চাঞ্চল্যকর মাজু মৃধা হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদন্ড

রাজশাহী বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ.এফ.এম.আমিনুল ইসলাম মঙ্গলবার নাটোরের চাঞ্চল্যকর মাজেদুর রহমান ওরফে মাজু মৃধা হত্যা মামলার রায়ে ৫ জনকে মৃত্যুদন্ড প্রদান করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2005, 08:56 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাজু মৃধা এবং ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর খালাত ভাই

দন্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে পলাতক রয়েছে সাইফুল ইসলাম ওরফে রিপন (২৮) ও আবদুল জলিল ওরফে শিমুল (৩৫)। আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিল দন্ডপ্রাপ্ত অপর তিন আসামি আশরাফ আলী (২৮), আতাউর রহমান (৩০) ও আশরাফ আলী ওরফে রাজা (৩০)।

মামলার অপর ৪ জন আসামি মজিবর রহমান মৃধা, হাসানুজ্জামান, ওয়ারেশ ওরফে হ্যালো ও মমতাজউদ্দিনের বিচার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৩ সালের ৫ এপ্রিল নাটোরের নলডাঙ্গা থানাধীন পশ্চিম মাধনগর মসজিদে জলসা শেষে বাড়ি ফেরার পথে একদল সশস্ত্র সন্ত্রাসী মাজু মৃধার মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। তিনি মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তাকে জবাই করে হত্যার পর সর্বহারা জিন্দাবাদ শ্লোগান দিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় পুলিশ ইনস্পেক্টর দীনবন্ধু দাশ বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ আহাদ আলীর পুত্র আশরাফ আলীকে গ্রেফতার করে এবং ব্যাপক জিজ্ঞাসাবাদে আশরাফ নিজেসহ হত্যাকান্ডে জড়িত মৃত্যুদন্ডপ্রাপ্ত অপর ৪ জনের নাম পুলিশকে জানায়। পুলিশ পরবর্তীতে আতাউর রহমান ও আশরাফ আলী ওরফে রাজাকে গ্রেফতার করে। দন্ডপ্রাপ্ত ৫জনসহ মোট ৯ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

আদালত সূত্র জানায়, চাঞ্চল্যকর এ মামলায় মোট ২০ জন সাক্ষি সাক্ষ্য প্রদান করেন। মোট ৯৮ টি কার্যদিবসে মামলার রায় ঘোষণা করা হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি কেতাবউদ্দিন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট হামিদুল হক ও এডভোকেট শাহিনা পারভীন।