ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত জাইকার রিপোর্ট ডিসিসিতে হস্তান্তর
ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এলাকার বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ও ডিসিসির যৌথ সমীক্ষা রিপোর্ট ডিসিসি মেয়র ও স্থানীয় সরকার মন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে বাংলাদেশে জাইকার আবাসিক প্রতিনিধি আকিও আরাই রিপোর্টটি হস্তান্তর করেন।
এ উপলক্ষ্যে নগর ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিসিসির মেয়র সাদেক হোসেন খোকা।
বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, বাংলাদেশে নিযুক্ত জাপানী রাষ্ট্রদূত মাৎসুশিরো হরিগুচি, ডিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাইফুদ্দিন আহমেদ ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা (সিসিও) কমান্ডার সোহেল ফারুকী।
আব্দুল মান্নান ভূূঁইয়া ঢাকা মহানগরীর বর্জ্য অপসারণের প্রকল্প গ্রহণে জাপান সরকার ও জাইকাকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, ঢাকা মহানগরীতে ধারণ ক্ষমতার চেয়ে দশগুণ বেশি মানুষ বসবাস করে। এর বর্জ্য অপসারণ একটি কঠিন কাজ। একটি মাত্র বর্জ্য ডাম্পিং স্টেশন থাকায় সেই এলাকার পরিবেশ বিনষ্ট হচ্ছে। অথচ ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় কোনও সুষ্ঠু পরিকল্পনা ছিল না। তাই সরকার পরিকল্পিতভাবে ঢাকার বর্জ্যগুলো অপসারণ করে তা কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, আরও দুটি ডাম্পিং স্টেশন স্থাপনের প্রক্রিয়া চলছে। তবে এটিই পর্যাপ্ত নয়। আরও দুটি স্টেশন স্থাপন প্রয়োজন। চার প্রান্তে চারটি ডাম্পিং স্টেশন থাকলে নগরবাসী অনাকাক্সিক্ষত দুর্গন্ধ থেকে রক্ষা পাবে। এজন্যে জাইকা ছাড়াও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সহায়তা দেওয়া হবে।
স্থানীয় সরকার মন্ত্রী ডিসিসির নতুন বাজেটে করারোপ না করার সমালোচনা করে বলেন, করারোপ ও বকেয়া কর আদায় না করলে ডিসিসি চলবে কী করে? শুধু সাহায্য নিয়ে উন্নয়ন করা সম্ভব নয়। তাই করারোপ করতে হবে। করারোপ করলে কারও জনপ্রিয়তা কমে না। মানুষ কর দিতে চায়। এজন্যে নাগরিক সচেতনতা বাড়াতে হবে।
জাপানী রাষ্ট্রদূত ঢাকাকে পরিচ্ছন্ন নগরীতে পরিণত করতে বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতে জাপান সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস দেন।
