দেশের ২৯ ভাগ নলকূপের পানিতে আর্সেনিক রয়েছে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া সোমবার সংসদকে জানিয়েছেন, দেশের ২শ’ ৭০ টি উপজেলার ২৯ ভাগ নলকূপের পানিতে আর্সেনিক রয়েছে।
জাতীয় পার্টির এমপি মোহাম্মদ আলী সরকারের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, দেশের ২শ’ ৭০ টি উপজেলার ৪৯ লাখ ৪৬ হাজার নলকূপে পরীক্ষা চালিয়ে ১৪ লাখ ৪০ হাজার নলকূপে আর্সেনিকের অস্তিত্ব পাওয়া গেছে।
মন্ত্রী আরও জানান, আর্সেনিক বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করতে সরকার ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। দেশের ২ শ’ ২৯ টি উপজেলার দুই হাজার তিন শত ৩০ জন চিকিৎসক এবং ১২ হাজার পাঁচ শত ৯০ জন স্বাস্থ্য কর্মীকে স্বাস্থ্যসেবার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গভীর নলকূপ, বৃষ্টির পানি সংরক্ষণসহ বিকল্পপথের মাধ্যমে সরকার নিরাপদ খাবার পানি নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
এছাড়া সরকার আর্সেনিক সমস্যা সমাধানের লক্ষ্যে ‘জাতীয় আর্সেনিক নীতি ২০০৪’ অনুমোদন করেছে। জাতীয় পার্টির এমপি গোলাম হাবিব দুলালের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গত অর্থ বছরে দেশে ২৮ হাজার তিন শ’ ১৫ টি নলকূপ ও অন্যান্য পানি সংগ্রহের যন্ত্র বিতরণ করা হয়েছে।
