নারায়ণগঞ্জে ডিএনডি অভ্যন্তরে কৃত্রিম বন্যা, লাখ লাখ মানুষ পানিবন্দি
কয়েক দিনের ভারী বর্ষণে ভয়বহ বিপর্যয়ের মুখে পড়েছে নারায়ণগঞ্জের ডিএনডিবাসী। ডিএনডি অভ্যন্তরে নিচু এলাকার বাড়িঘর, স্কুল-কলেজ ও মসজিদ-মাদ্রাসা প্লাবিত হয়ে গেছে।
অনেক মিল কারখানা ও শিল্প প্রতিষ্ঠানেও পানি প্রবেশ করেছে। জলাবদ্ধতার কারণে সৃষ্ট এ কৃত্রিম বন্যায় লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
পাম্প হাউজের একটি সূত্র জানায়, ডিএনডি ক্যানেলে পানির স্বাভাবিক উচ্চতা থাকে ছয় ফুট। কয়েক দিনের বৃষ্টিতে সেখানে পানির উচ্চতা দাঁড়িয়েছে ১০ ফুটের কাছাকাছি।
এদিকে বিদ্যুৎ বিভ্রাট, ডিএনডি ক্যানেলগুলো বেদখল ও অপরিকল্পিত বাড়িঘর ও মিল কারখানা নির্মানের কারণে পানি পাম্প হাউজ থেকে পৌঁছুতে বিলম্ব হচ্ছে এবং পাম্পগুলো সার্বক্ষণিক চালু রাখতে বেশ বেগ পেতে হচ্ছে।
১৯৬৫ সালে ১৪ হাজার পাঁচশ’ একর জমি ইরি চাষের সেচ প্রকল্পের আওতায় এনে ৩২ কি.মি. দীর্ঘ ডিএনডি বাঁধ নির্মান করা হয়। কিন্তু সরকারি নিয়মনীতি অমান্য করে বাঁধের অভ্যন্তরে গড়ে ওঠে আবাসিক এলাকা ও শিল্প প্রতিষ্ঠান।
কয়েক দিনের বর্ষণে পানি বাড়তে থাকায় ডিএনডি বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। গত বছরের সেপ্টেম্বরে সৃষ্ট জলাবদ্ধতার অভিজ্ঞতার কারণে অনেকেই এলাকা ছেড়ে আত্মীয়-স্বজনদের বাড়ি ও বিভিন্ন স্কুল-কলেজে আশ্রয় নিতে শুরু করেছে। মিল কারখানায় যাতে পানি না ঢোকে সেজন্য চারদিকে অস্থায়ী প্রাচীর নির্মান করা হচ্ছে। গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায় পানিবন্দি মানুষ রান্নাবান্না করতে পারছে না। ডিএনডি অভ্যন্তরের অধিকাংশ রাস্তাঘাট ডুবে যাওয়ায় নৌকাই হয়ে দাঁড়িয়েছে পানিবন্দি এলাকাবাসীর একমাত্র বাহন।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক এসএম হারুনার রশিদ ডিএনডি এলাকা পরিদর্শন শেষে জানান, পা¤প হাউজগুলো চালু আছে। কিছু লোক স্কুল কলেজে আশ্রয় নিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা পানি নিষ্কাষণের কাজ চালিয়ে যাচ্ছেন।
