চট্টগ্রাম অস্ত্র চালান আটক মামলার আরেক আসামি গ্রেফতার
চট্টগ্রামের বহুল আলোচিত অস্ত্র চোরাচালান মামলার চার্জশিটভূক্ত ৪৩ জন আসামির অন্যতম মনির হোসেন ওরফে হাজি মনির (৪০)কে হালিশহর থানা পুলিশ চট্টগ্রামে তার বাড়ি থেকে শনিবার বিকালে গ্রেফতার করেছে।
হাজি মনির এলাকায় একজন চোরাকারবারী হিসেবে পরিচিত। থানা পুলিশের চোখকে ফাঁকি দিয়ে গত পনের মাস ধরে সে পালিয়ে বেড়াচ্ছিল।
২০০৪ সালের ১ এপ্রিল পুলিশ সিইউএফএল জেটি থেকে দশ ট্রাক অস্ত্র ও বিস্ফোরক আটক করেছিল।
সিআইডি পুলিশ এই মামলার তদন্ত কাজ শেষে ৪৩ জনের নামে চার্জশিট প্রদান করেছে। পুলিশ ২৫ জনকে গ্রেফতার করেছে এবং এদের মধ্যে আটজন ছাড়া বাকিরা সবাই জামিনে জেলের বাহিরে রয়েছে।
