দুর্নীতি মামলায় অন্তর্ভুক্ত করায় হাইকোর্টে রিট আবেদন দায়ের করেছেন আব্দুল মুঈদ চৌধুরী
জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুঈদ চৌধুরী দুটি দুর্নীতি মামলায় তাকে সম্পৃক্ত করার বৈধতা চ্যালেঞ্জ করে রোববার হাইকোর্টে রিট আবেদন দায়ের করেছেন। পাঁচশ ৬৮ কোটি টাকার দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকার দায়ে দুর্নীতি দমন কমিশনের ওই দুটি মামলার চার্জশীটে আব্দুল মুঈদ চৌধুরীর নাম রয়েছে।
বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন ও বিচারপতি ফারাহ মাহবুবের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ রিট আবেদনের শুনানি শেষে মামলা দুটির কার্যক্রম আগামী চার মাসের জন্য স্থগিত করেছেন এবং ওই সময়ের মধ্যে তাকে গ্রেফতার বা হয়রানি না করার জন্য সরকারের প্রতি আদেশ জারি করেন।
হাইকোর্ট সরকার ও দুর্নীতি দমন কমিশনের চার্জশীট ও গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তাদের নিয়ে গঠিত তদন্ত কমিটিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না সে ব্যাপারেও আগামী দু সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন।
অধুনালুপ্ত দুর্নীতি দমন ব্যুরো ২০০২ সালের ২ ফেব্রুয়ারি আকিজ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে পাঁচশ ৬৮ কোটি টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগে টঙ্গী ও তেজগাঁও থানায় পৃথক দুটি মামলা দায়ের করে। ওই মামলা দুটির তদন্তের জন্য দুর্নীতি দমন ব্যুরোর দশ সদস্যকে নিয়ে দুর্নীতি দমন কমিশন একটি তদন্ত কমিটি গঠন করে। চলতি বছরের ৬ মার্চ দুর্নীতি দমন কমিশন গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে ওই কমিটি গঠন করে এবং কমিটির একজন সদস্যকে ওই দুটি মামলা তদন্ত কর্মকর্তা হিসেবে নিযুক্ত করে।
গত ২১ জুন তদন্ত কর্মকর্তা আব্দুল মুঈদ চৌধুরীকে অন্তর্ভুক্ত করে মুখ্য মহানগর হাকিমের আদালতে দুটি চার্জশিট দাখিল করেন। আব্দুল মুঈদ চৌধুরী বর্তমানে ব্র্যাকের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা চার্জশিটে অভিযোগ করেন যে, আকিজ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কাছ থেকে পাঁচশ ৬৮ কোটি টাকার কর আদায় সম্ভব হয়নি এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে আব্দুল মুঈদ চৌধুরী ওই কোম্পানির বিরুদ্ধে এ ব্যাপারে মামলা দায়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কোনও নির্দেশ দেননি।
আব্দুল মুঈদ চৌধুরী তার রিট আবেদনে তদন্ত কমিটি গঠনের ব্যাপারে দুর্নীতি দমন কমিশনের বৈধতাকে চ্যালেঞ্জ করেছেন। রিট আবেদনে বলা হয়েছে, বিধি অনুযায়ী বিলুপ্ত হয়ে যাওয়া দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তাদের নিয়ে তদন্ত কমিটি গঠিত হতে পারে না। হাইকোর্টও এ ব্যাপারে একটি আদেশ জারি করেছে।
রিট আবেদনে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, মন্ত্রীপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিব ও তদন্ত কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে।
রিট আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার ওমর সাহাদাত হাইকোর্টে মামলা পরিচালনা করেন।
