সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
জাতীয় সংসদের ‘সরকারি হিসাব সম্পর্র্কিত স্থায়ী কমিটির রোববারের বৈঠকে তিনটি বাস ক্রয়ে দুর্নীতির দায়ে বিমানের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়। দুর্নীতির কারণে সরকার বাসগুলো ক্রয়ে ৫৫ লাখ টাকা পরিশোধ করলেও এ পর্যন্ত কোন বাসই এসে পৌঁছয়নি।
সূত্র জানায় ১৯৯০ সালে বাসগুলো ক্রয়ের টেন্ডার দেয়া হয়েছিলো।
এ ব্যাপারে বিমান কর্মকর্তাদের কাছে জানতে চাওয়া হলে তারা বলেনম সরবরাহকারী প্রতিষ্ঠান শর্ত ভঙ্গ করায় এ সমস্যা তৈরি হয়েছে। পরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।
১৯৯৮ সালেএ মামলায় সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমানিত না হওয়ায় আদালত তাদের পক্ষে রায় দেন। এবং আদালতের নির্দেশ মোতাবেক সরকারকে ৫৫ লাখ টাকা পরিশোধ করতে হয় কিন্তু কোনও বাসই পাওয়া যায়নি।
বৈঠকে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চিহ্নিত করার নির্দেশ দেয়া হয়। এছাড়াও বাংলাদেশ বিমান কর্পোরেশনের ওপর পারফরমেন্স অডিট করার প্রয়োজনীয় উদ্যোগ নিতে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরামর্শ দেয়া হয়।
সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটি’র ৩০তম বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এডভোকেট হারুন-আল-রশিদ।
বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সরকারি ও আধা-সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ব শিল্প প্রতিষ্ঠানসমূহের হিসাব সম্পর্কিত বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বার্ষিক অডিট রিপোর্ট ২০০০-২০০১ এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ১৯৯৩-৯৪ হতে ১৯৯৭-৯৮ পর্যন্ত সময়ের রাজস¦ আয়, কেন্দ্রীয় ক্রয় ও স্টোর একাউন্টস সম্পর্কে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বিশেষ নিরীক্ষা প্রতিবেদনের ওপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য কাজী শাহ মোফাজ্জল হুসাইন (কায়কোবাদ), শওকত আলী, ডাঃ জিয়াউল হক মোল্লা, মেজর মনজুর কাদের (অবঃ), সামসুল আলম প্রামানিক, এ এস এইচ কে সাদেক, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের এবং মোঃ মসিউর রহমান রাঙ্গা বৈঠকে অংশগ্রহণ করেন।
বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক আসিফ আলী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ইকবাল উদ্দিন আহমদ চৌধুরী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
