২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানিকারকদের বছরে আটশ কোটি টাকার বেশি ঘুষ দিতে হয়: টিআইবি

চট্টগ্রাম বন্দর কাস্টমসে আমদানি-রপ্তানিকারকদের বছরে আটশ কোটি টাকার বেশি ঘুষ দিতে হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2005, 06:01 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এক প্রতিবেদনে একথা বলেছে।

শনিবার চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিসিসিআই) মিলনায়তনে টিআইবি আয়োজিত ‘চট্টগ্রাম বন্দর, সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে এ প্রতিবেদন উপস্থাপন করা হয়। অধ্যাপক খান সারওয়ার মুর্শিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে মূল সঞ্চালকের দায়িত্ব পালন করেন অধ্যাপক মোজাফফর আহমদ। প্রতিবেদন পেশ করেন মু. সাইদুর রহমান মোল্লা।

সেমিনারে উপস্থিত ছিলেন সাবেক বাণিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিসিসিআই সভাপতি সাইফুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান এএম শাহাদাত হোসেনসহ বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

টিআইবি’র  প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে কাস্টমসে বছরে ঘুষ দিতে হয় ৪৬০ কোটি টাকা এবং বন্দরে দিতে হয় আরও ৩৪১ কোটি টাকা। পণ্য লোডিং-আন লোডিং করতে বন্দরে ১৫ থেকে ১৮টি খাতে এবং কাস্টমস থেকে পণ্য খালাস করতে ১৪ থেকে ৪০টি খাতে ঘুষ দিতে হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, আমদানি পণ্যের মধ্যে ইলেকট্রনিক্স পণ্যের ক্ষেত্রে সবচেয়ে বেশি অর্থাৎ, টন প্রতি তিন হাজার টাকা ঘুষ দিতে হয়। রপ্তানি পণ্যের ক্ষেত্রে সবচেয়ে বেশি দিতে হয় শাক-সবজিতে অর্থাৎ, টন প্রতি ১ হাজার ৭শ টাকা করে।

বন্দর থেকে কন্টেইনার খালাসে যে পরিমাণ অর্থ ব্যয় হয়, তার মধ্যে প্রকৃত মজুরি ৪৭ এবং ঘুষের পরিমাণ ৫৩ শতাংশ।

বন্দরের যে সমস্যাগুলো প্রতিবেদনে উল্লেখ করা হয়, সেগুলো হচ্ছে, কর্মকর্তা-কর্মচারিদের অতিরক্ত ঘুষ গ্রহণের প্রবণতা, প্রক্রিয়াগত জটিলতা, পুরনো নিয়ম, অপারেটর ও পাইলটদের একচ্ছত্র আধিপত্য এবং অতিরিক্ত সংখ্যক শ্রমিক ইউনিয়ন।

এসব সমস্যা সমাধানে প্রতিবেদনে সুপারিশ করা হয়, স্টিডিডোরিং কোম্পানিকে শ্রমিক নিয়োগের অধিকার দেয়া, ইকুইপমেন্ট ব্যান্ডেলিং বেসরকারি খাতে ছেড়ে দেওয়া, কর্মকর্তা-কর্মচারিদের সম্পদের হিসাব নেওয়া, বন্দর কর্তৃপক্ষকে সমস্যা সমাধানের পূর্ণ ক্ষমতা দেওয়া।

সংবাদপত্রের প্রতিবেদন, প্রত্যক্ষ পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্টদের মাধ্যমে নির্দিষ্ট পশ্নমালা পূরণের ভিত্তিতে টিআইবির এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।