বরিশালের ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ১০৫টি শিক্ষকের পদ শূণ্য
বরিশালের ছয়টি সরকারি কলেজের তিনশ’ ৯৮ জন শিক্ষকের মধ্যে একশ’ পাঁচটি পদ শূণ্য থাকায় অধ্যরনরত ২৬ হাজার ছাত্র ছাত্রীর লেখাপড়া ব্যহত হচ্ছে। আর এর ফলে পরীক্ষায় ফল বিপর্যয়ের ঘটনা ঘটছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি বিএম কলেজে বর্তমানে প্রায় ২০ হাজার ছাত্র ছাত্রী লেখাপড়া করছে। এ কলেজে একশ’ ৮৩টি পদের মধ্যে অধ্যক্ষসহ ৪৯টি শিক্ষকের পদ শূণ্য রয়েছে। এর মধ্যে পাঁচজন অধ্যাপক, ৩৩জন প্রভাষকের পদ শূণ্য রয়েছে।
সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে দুই হাজার একশ’ ৭৫ জন শিক্ষার্থীর বিপরীতে ৪৭ জন শিক্ষক কর্মরত রয়েছেন। এর মধ্যে সাতজন প্রভাষক এবং একজন প্রদর্শকের পদও শূণ্য।
সরকারি মহিলা কলেজের ৬১ জন শিক্ষকের মধ্যে ১৩টি পদ শূণ্য।
সরকারি কমার্শিয়াল কলেজের আটটি পদের মধ্যে দুইটি পদ শূন্য, পলিটেকিনিক ইনস্টিটিউটে ৬০টি পদের মধ্যে অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ ২২টি শিক্ষকের পদ খালি রয়েছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে একাধিকবার শিক্ষক সল্পতার ব্যাপারে অবহিত করা হলেও সমস্যার সমাধান হয়নি।
