কম্পিউটার নেটওয়ার্কের আওতায় খাদ্য বিভাগের সকল কার্যালয়
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দেশের প্রত্যেকটি বিভাগ, জেলা, সাইলো, পোর্ট ও সিএসডি গুদামে খাদ্য মজুতের পরিমান, সরবরাহ এবং বিতরণ ব্যবস্থার যাবতীয় হিসাবনিকাশ সংরক্ষণের জন্য খাদ্য বিভাগকে সাধারন কম্পিউটার নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা হয়েছে।
এই প্রকল্পে খাদ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন খাদ্য বিভাগগুলোকে একটি ওয়াইড এরিয়া নেটওয়াক) মাধ্যমে সংযুক্ত করা হয়েছে। এছাড়া খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয় এবং খাদ্য অধিদপ্তরকে লোকাল এরিয়া নেটওয়ার্ক এর আওতায় আনা হয়েছে।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ শনিবার তার কার্যালয়ে ‘আগাম সতর্কীকরণ ও খাদ্য তথ্য পদ্ধতি’ শীর্ষক একটি প্রকল্পের উদ্বোধনকালে সাংবাদিকদের এই তথ্য জানান।
খাদ্য মজুতের ব্যাপারে আগাম সতর্ককীকরণ তথ্য প্রদান এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সহায়তা দেয়ার জন্য খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তর শনিবার একযোগে এ কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থা চালু করে।
মন্ত্রী সাংবাদিকদের বলেন, আমাদের খাদ্য ব্যবস্থাপনায় এটি একটি মাইলফলক। কম্পিউটারাইজড এ ব্যবস্থার মাধ্যমে সরকারের নীতি নির্ধারকরা এখন খাদ্য মজুত সম্পর্কে তাৎক্ষনিকভাবে মাঠ পর্যায়ের তথ্য জানতে, জানাতে এবং ক্রয় সংক্রান্ত ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন।
তিনি বলেন, পূর্বে মাঠ পর্যায় থেকে খাদ্য ব্যবস্থাপনার তথ্য জানতে কমপক্ষে সাত থেকে ১৫ দিন সময় লেগে যেত। এ ব্যবস্থা চালুর ফলে এখন থেকে মুহূর্তেই সব তথ্য পাওয়া যাবে। জরুরী পরিস্থিতি মোকাবেলায় এবং দুর্যোগকালীন যে কোনও সিদ্ধান্ত গ্রহণে এটি ফলপ্রসূ ভূমিকা রাখবে।
খাদ্য অধিদপ্তর কর্তৃক চালু হওয়া পূর্ণাঙ্গ কম্পিউটারাইজড ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে দেশের সকল পর্যায় থেকে শস্যের দাম, ক্রয় ও ক্ষয়ক্ষতি সম্পর্কিত তথ্য সরবরাহ করা হবে।
জানা যায়, নতুন এ প্রকল্প বাস্তবায়নের জন্য খাদ্য মন্ত্রণালয় ৭ কোটি টাকা বরাদ্দ দেয়। ইতোমধ্যে মে মাস পর্যন্ত এ প্রকল্পে ব্যয় হয়েছে মোট ৬ দশমিক ২২ কোটি টাকা।
