কুমিল্লায় বাসের ধাক্কায় পুলিশ নিহত
কুমিল্লার দাউদকান্দির গৌরিপুর এলাকায় পুলিশের পিকআপ ভ্যানে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত এবং আরও এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
দাউদকান্দি থানা পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে চট্টগাম থেকে রংপুর গামী হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১১-১০৮২) গৌরিপুর এলাকার আমিরাবাদ রাস্তার মোড়ে টহলরত একটি পুলিশ ভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে কর্মরত পেট্রোল পুলিশের সদস্য আব্দুল ওয়াদুদ (কং ১১৩৮) রাস্তা থেকে ছিটকে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনায় অপর পুলিশ সদস্য কোবাদ হোসেন (কং ৯১৫) আহত হন।
দুর্ঘটনার পর বাস চালক খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপারে দাউদকান্দি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
