২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানি দাতা সংস্থা ৩ জুলাই চট্টগ্রাম ওয়াসার কাছে কর্ণফুলি পানি সরবরাহ প্রকল্পের প্রাথমিক প্রতিবেদন পেশ করবে

জাপানি দাতা সংস্থা জেবিআইসি (জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন) চট্টগ্রাম ওয়াসার কাছে রোববার কর্ণফুলি পানি সরবরাহ প্রকল্পের প্রাথমিক প্রতিবেদন পেশ করবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2005, 03:12 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

জেবিআইসি’র পক্ষ থেকে কর্ণফুলি পানি সরবরাহ প্রকল্পের প্রাথমিক কাজ করার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান এনজেএস এ রিপোর্ট তুলে ধরবে।

এ পরিপ্রেক্ষিতে রোববার চট্টগ্রাম ওয়াসায় একটি কর্মশালার আয়োজন করা হয়েছে।

জাপানি প্রতিষ্ঠান এনজেএস গত এপ্রিল থেকে সম্ভাব্য প্রকল্প এলাকা রাঙ্গুনিয়ার গোডাউন এলাকায় যে প্রাথমিক কাজ করেছে, তার ওপর ভিত্তি করেই এ প্রতিবেদন পেশ করা হবে। এছাড়াও প্রকল্পটির বিভিন্ন কারিগরি দিক, বাজেট, প্রকল্পটি বাস্তবায়নে কোথায় কোথায় এবং কী পরিমাণ জমির প্রয়োজন প্রভৃতি বিষয়ও তুলে ধরা হবে বলে ওয়াসা সূত্র জানিয়েছে।

চট্টগ্রাম ওয়াসার প্রকৌশলী একে নজরুল হক বিডিনিউজকে জানান, প্রাথমিক রিপোর্ট পেশ উপলক্ষ্যে এনজেএস-এর কারিগরি বিশেষজ্ঞ মি. আজুহাতা ২৯ জুন চট্টগ্রাম এসেছেন। আজ এনজেএস-এর তিন সদস্যের আরও একটি প্রতিনিধি দল চট্টগ্রাম আসছেন।

কর্মশালায় যোগদানের জন্য জেবিআইসি’র একটি উচ্চক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দলও শনিবার চট্টগ্রাম আসছেন বলে তিনি জানান। প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন মি. জরি।

এ কর্মশালায় জেবিআই ও এনজেএস এর প্রতিনিধি ছাড়াও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পানি সরবরাহ বিভাগের যুগ্মসচিব চট্টগ্রাম উন্নয়ন করপোরেশন (সিডিএ), চট্টগ্রাম সিটি করপোরেশন এবং চট্টগ্রাম ওয়াসার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে ওয়াসা সূত্র জানিয়েছে।

এদিকে, চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী শফিকুর রহমান বিডিনিউজকে জানান, জেবিআইসি এবং এনজেএস-এর প্রতিনিধি দলের এ সফরেই প্রকল্পের কনসালট্যান্ট নিয়োগসহ বিস্তারিত চূড়ান্ত করা হবে। আগামী বছরের ফেব্র“য়ারি নাগাদ প্রকল্পের নকশাসহ আনুষঙ্গিক কাজ সম্পন্ন করে বছরের শেষ নাগাদ কাজ শুরুর সম্ভবনা রয়েছে বলেও তিনি জানান।

বর্তমানে চট্টগ্রাম ওয়াসা দৈনিক মাত্র ১৭ কোটি লিটার পানি উৎপাদন করছে। এটি মোট চাহিদার ৩০ শতাংশ মাত্র।