২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের খুলশী বিদ্যুৎ উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, মহানগরসহ পূর্ব জোন বিদ্যুৎবিহীন

চট্টগ্রামের কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র থেকে খুলশী-জালালাবাদ গ্রীডের খুলশী ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে শনিবার সিনক্রোনাইজড করার সময় ব্রেকার বিস্ফোরণ ঘটে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2005, 09:30 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

বিস্ফোরণের ফলে চট্টগ্রাম মহানগরের দুই তৃতীয়াংশসহ চট্টগ্রামের পুরো পূর্ব জোন দুপুর একটা থেকে বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। উপকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার ঘটনা তদন্ত করতে কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত কেন্দ্রের প্রধান প্রকৌশলীসহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করে মেরামত কাজ তদারক করছেন। তবে মেরামত করতে কত সময় লাগতে পারে সে ব্যাপারে তারা কিছু জানাতে পারেন নি।

সন্ধ্যা ৬ টার দিকে পিডিবি কর্মকর্তারা সাব স্টেশনটি চালু করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তারা ফৌজদারহাট থেকে নতুন ব্রেকার এনে সাব স্টেশন ঠিক করার চেষ্টা করছে বলে সূত্র জানায়। আশা করা হচ্ছে রাত ১০ টা থেকে ১১ টার মধ্যে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালূ হবে।

হঠাৎ সাব স্টেশন বন্ধ হয়ে যাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে তদন্তে কমিটিতে কে কে আছেন এবং কত দিনের মধ্যে তাদের রিপোর্ট দিতে হবে এ ব্যাপারে পিডিবির উচ্চ পদস্থ কর্মকর্তারা কিছু জানাতে রাজি হননি।

শেষ খবর পাওয়া পর্যন্ত মহানগরির আগ্রাবাদ, পাহাড়তলী ও হালিশহরের কিছু কিছু এলাকা ছাড়া পুরো মহানগর অন্ধকারে আছে।