২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচলিত দামে বিদেশী বিনিয়োগকারীদের জন্য গ্যাস সরবরাহের পক্ষে জ্বালানি উপদেষ্টা

জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান দেশের প্রচলিত দামে বিদেশী বিনিয়োগকারীদের জন্য গ্যাস সরবরাহের পক্ষে। আজ বৃহস্পতিবার বিডিনিউজকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এই অভিমত প্রকাশ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2005, 07:07 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

তিনি বলেন: আমি মনে করিনা বিদেশী বিনিয়োগকারীদের জন্য গ্যাসের বিশেষ কোনো দাম নির্ধারণ করা উচিত। টাটা গ্রুপ, ভলকান এনার্জিসহ যারা এখানে বিনিয়োগ করতে আসছে তাদের সাথে বৈষম্য দেখানো উচিত নয়। দেশের প্রচলিত দামেই তাদের গ্যাস সরবরাহ করা উচিত। বরং গ্যাসের ক্রেতা হিসেবে তাদের গ্যাস সরবরাহ নিশ্চয়তার মতো সুবিধা প্রদান করা উচিত।

সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন বিদেশী বিনিয়োগকারীদের জন্য গ্যাসের দাম নির্ধারণে একটি কমিটি গঠনের কথা ঘোষণা করেছিলেন। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে নব নিযুক্ত জ্বালানি উপদেষ্টা এ মতামত প্রকাশ করেন।

ভারতের টাটা গ্রুপ বাংলাদেশে প্রায় আড়াই বিলিয়ন ডলার বিনিয়োগে এখন আলোচনা করছে। ভলকান এনার্জি এক দশমিক আট বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী। এছাড়াও একটি চীনা কোম্পানি এ খাতে এক বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে।

তার ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে মাহমুদুর রহমান বলেন, আগামী ১২ মাসের জন্য একটি কর্মসূচি চূড়ান্ত করতে যাচ্ছি। ইতোমধ্যে কাজ শুরু করেছি। সরকারের শেষ ৪/৫ মাস পদ্ধতিগত জটিলতার কারণে কোনো কাজ করা যায়না বলেই ১২ মাসের এই পরিকল্পনা নেয়া হয়েছে।

এই পরিকল্পনায় অগ্রাধিকারগুলো হচ্ছে: গ্যাসের সিস্টেম লস ২০ শতাংশ থেকে ১০ শতাংশে নামিয়ে আনা, বকেয়া ১,৬০০ কোটি টাকার ৮০ শতাংশ আদায়, মার্কেটিং কোম্পানিগুলোকে ই-গভর্ণেন্সের আওতায় আনা, এনার্জি রেগুলেটরি কমিশন (ইআরসি) কে পুরোপুরি কার্যকর করা এবং তেল গ্যাস অনুসন্ধানে তৃতীয় রাউন্ড বিডিং।

মাহমুদুর রহমান জানান, নতুন উৎপাদন অংশীদারিত্ব চুক্তি (পিএসসি) স্বাক্ষর না করার জন্য আদালতের যে নিষেধাজ্ঞা আছে তা নিষ্পত্তি করার উদ্যোগ নিতে ইতোমধ্যেই পেট্রোবাংলাকে নির্দেশ দেয়া হয়েছে।

একই সাথে, তিনি বলেন, নতুন বিডিং এর জন্য ডিপওয়াটারসহ পুরো দেশকে নতুন ব্লকে বিভাজনের কাজ শুরুর আদেশও দেয়া হয়েছে।

তিনি বলেন, পাশের দেশ ভারত এবং মায়ানমার বঙ্গোপসাগরে গ্যাস পেলেও এখনো আমরা ডিপওয়াটারে কোনো কাজ শুরু করতে পারিনি। তৃতীয় রাউন্ড বিডিং এর প্রধান চ্যালেঞ্জ হবে ডিপওয়াটারে ব্যাপক ভিত্তিক তেল গ্যাস অনুসন্ধান শুরু করা।