প্রধানমন্ত্রীর সঙ্গে সফররত চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত
সফররত চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী উ দাওই বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত করেন।
সাক্ষাতকালে চীনা উপমন্ত্রী প্রধানমন্ত্রীকে জানান, দু’দেশের সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রণালয়ের সঙ্গে পলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি আরও জানান, চীনের প্রধানমন্ত্রী, সরকার ও জনগণ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আবারও চীনে অর্ভ্যথনা জানাতে গভীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে। সাক্ষাৎকালে দু’দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য বৈষম্য দূর করার বিষয়ে আলোচনা হয়।
উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে চীনা শিল্প ইউনিট গঠন করে সেখানে উৎপাদিত পণ্য চীনে পাঠিয়ে বাণিজ্য বৈষম্য দূর করার কথা বলেন।
প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে আরও বেশী পণ্য চীনে আমদানি করা এবং চীনের বাজারে আরও বেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়ে বাণিজ্য বৈষম্য দূর করার কথা বলেন। এসময় পারস্পারিক স্বার্থ সংক্রান্ত আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করা হয়। বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ ও বিনিয়োগ সুযোগ সুবিধার কথা উল্লেখ করে চীনকে এদেশে বিনিয়োগ করার আহ্বান জানালে উ দাওই সেদেশের ব্যবসায়ীদের এ ব্যাপারে উৎসাহ দেবেন বলে জানান।
প্রধানমন্ত্রী দুদেশের ঘনিষ্ঠ সম্পর্ক জনগণের মধ্যে সম্প্রসারিত করতে উভয় দেশের মধ্যকার বাণিজ্য বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
২০০৫ সালকে চীন এবং বাংলাদেশের বন্ধুত্বের বছর হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। ইতোমধ্যে চীনের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর বিনিময়ও হয়েছে। এতে উভয় দেশের সম্পর্ক নিবিড় ও শক্তিশালী হয়েছে এবং এ ভিত্তির ওপর দাঁড়িয়ে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার ওপর মত দেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী।
