২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি’র প্রস্তাবিত ছাত্রী হলের নাম ‘বেগম সুফিয়া কামাল হল’ রাখার পূর্বের সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৭ জন সিনেট সদস্য প্রস্তাবিত ছাত্রী হলের নাম ‘বেগম সুফিয়া কামাল হল’ রাখার পূর্বের সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2005, 07:40 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। এ সময় শিক্ষক সমিতির সভাপতি আআমস আরেফিন সিদ্দিক বলেন, হলের নাম পরিবর্তনের রাজনীতি এতোদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল না। কিন্তু এবার বেগম খালেদা জিয়া হল নামকরণ করার মাধ্যমে এই রাজনীতিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে করা হচ্ছে।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক হারুণ অর রশিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক সাদেকা হালিম, অধ্যাপক কাজী শহিদুল্লাহ, অধ্যাপক শরীফউল্লাহ ভুঁইয়া, অধ্যাপক হারুন-অর-রশীদ প্রমুখ।

সম্মেলনে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনের দ্বিতীয় দিনে হলের নামকরণ ‘বেগম সুফিয়া কামাল হল’ এর পরিবর্তে ‘বেগম খালেদা জিয়া হল’ এবং আরো দুইটি হলের নাম পরিবর্তন, স্ট্যাটিউটস পাশ ও পরিবর্তন ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে সদস্যদের আলোচনা করতে না দেওয়ার প্রতিবাদে ১৭ জন সিনেট সদস্য মঙ্গলবার এই অধিবেশন বর্জন করেন।

লিখিত বক্তব্যে আরও জানানো হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্জন হলের পূর্বদিকে ছাত্রী হল করার জন্যে জমিদান করেছিলেন। পরবর্তীকালে প্রস্তাবিত ছাত্রী হলের নামকরণের জন্যে একটি কমিটি গঠন করা হয় এবং কমিটি সর্বসম্মতভাবে প্রস্তাবিত হলের নাম ‘বেগম সুফিয়া কামাল হল’ নামকরণের প্রস্তাব ও সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু এ প্রস্তাব উপেক্ষা করে বর্তমান নামকরণের বিষয়টি নিয়ে আসা হয়েছে। যা রুচিহীন ও আপত্তিকর।

এছাড়াও সিনেট অধিবেশনে ফজলুল হক হল এবং সলিমুল্লাহ হলের নাম পরিবর্তন করে ফজলুল হক মুসলিম হল এবং সলিমুল্লাহ মুসলিম হল করার সিদ্ধান্ত নেওয়া হয়। যা বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্স ১৯৭৩ এর পরিপন্থী বলে জানান অধ্যাপক শরীফউল্লাহ ভূঁইয়া। এছাড়া রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স বর্ষের পরীক্ষার ফলাফলে অসঙ্গতি, ফার্মেসী অনুষদের ক্ষেত্রে স্ট্যাটিউট পরিবর্তন করার সিদ্ধান্তেরও তারা প্রতিবাদ করেন।

সম্মেলনে অধ্যাপক আআমস আরেনফিন সিদ্দিক বলেন, বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান বিভিন্ন অনিয়ম ও বেআইনী কার্যক্রম দূর করার জন্য প্রয়োজনে বিভিন্ন ফোরামের সাথে কথা বলে এসব দূর করার চেষ্টা করা হবে।