ঢাকার অবকাঠামো ও সড়ক যোগাযোগ খাতে অর্থায়নে জাপানের আগ্রহ প্রকাশ
জাপান ঢাকা মহানগরীর অবকাঠামো ও সড়ক যোগাযোগ খাতে অগ্রাধিকার ভিত্তিতে অর্থায়নের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।
বুধবার নগর ভবনে ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার সাথে বৈঠককালে বাংলাদেশে নিযুক্ত জাপানী রাষ্ট্রদুত হরিগুচি এ আগ্রহের কথা জানান।
এ সময় রাষ্ট্রদুতের সাথে ছিলেন জাপান ব্যাংক অব ইন্টারন্যাশনালের বাংলাদেশ প্রতিনিধি অ্যামাডা। ডিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাইফুদ্দিন আহমেদ, প্রধান প্রকৌশলী ইদ্রিস মিয়াসহ বিভিন্ন প্রকল্পের কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।
বৈঠকে জাপান সরকারের আর্থিক সহায়তায় বিভিন্ন সড়ক উন্নয়ন, মেরামত, বর্ষা, জলাবদ্ধতা এবং ২০০৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তার অবকাঠামো উন্নয়ন, পান্থপথ-প্রগতি সরণির (গুলশান লিংক রোড) এলিভেটেড রোড উন্নয়ন কাজে রাষ্ট্রদুত সন্তোষ প্রকাশ করেন।
সাদেক হোসেন খোকা বৈঠকে দুই জাপানী কর্মকর্তার কাছে আধুনিক ও পরিকল্পিত ঢাকা গড়ে তুলতে আর্থিক ও কারিগরি সহায়তা কামনা করেন।
