২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের বিরুদ্ধে তৃষা জিডি করেছেন

বিদিশার বোন তৃষাকে হুমকি দেওয়ায় তিনি উত্তরা থানায় সাবেক স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2005, 10:05 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

তৃষা জিডিতে অভিযোগ করেন, কয়েকজন দলীয় ক্যাডার সঙ্গে নিয়ে এরশাদ সোমবার রাত সাড়ে আটটার দিকে তাদের উত্তরার ৫ নং সেক্টরের ৯/বি সড়কের ৫১ নম্বর বাসায় যান।

এরশাদ তাকে হুমকি দেন যে, যদি তাদের বাসায় বিদিশাকে আশ্রয় দেয়া হয় তবে তাকে বিদিশার মতো কষ্ট ভোগ করতে হবে। এসময়ে এরশাদ তাকে হত্যা ও হয়রানির হমকি দেন বলে অভিযোগ করা হয়।

অন্যদিকে, তৃষা জিডি করতে গিয়ে উত্তরা থানায় প্রায় তিন ঘন্টারও বেশি সময় ধরে অপেক্ষা করেন। কারন থানা তার জিডি গ্রহণ করতে অনীহা প্রকাশ করে।

উত্তরা পুলিশ এ সময়ে এই জিডি গ্রহণ করবে কি করবে না তা নিয়ে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে।

পরে উপর মহলের সবুজ সঙ্কেত পেয়ে তারা জিডি গ্রহণ করেন। যার নাম্বার ২৪৬৫।

এরশাদের দায়ের করা মামলায় জুনের ৪ তারিখে বিদিশাকে গ্রেপ্তার করা হয় এবং ২৩ দিন পর সোমবার সন্ধ্যায় তাকে মুক্তি দেওয়া হয়।