২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেংরাটিলা: জুলাই মাসের মধ্যে সেঞ্চুরীর রিগ ছাতকে আসছে

দুর্ঘটনা কবলিত টেংরাটিলা নামে পরিচিত ছাতক গ্যাস ক্ষেত্রে সেঞ্চুরী অস্ট্রেলিয়ার রিগ ব্যবহার করে দ্বিতীয় দফা রিলিফ কূপ খনন করতে জ্বালানি মন্ত্রণালয় এবং নাইকো নীতিগত ভাবে সম্মত হয়েছে। মঙ্গলবার জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান এবং নাইকো বাংলাদেশ প্রেসিডেন্ট কাশেম শরীফ এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

জানা গেছে, মৌলভিবাজার গ্যাস ক্ষেত্রে ইউনোকলের জন্য খনন কাজে নিয়োজিত সেঞ্চুরী অস্ট্রেলিয়ার রিগটি আগামী জুলাই মাসের মধ্যে ছাতকে আনা হবে। এই লক্ষ্যে বুধবার নাইকো ছাতকে রিলিফ কূপ খননেন ওয়ার্ক প্রোগ্রাম চূড়ান্ত করে পেট্রোবাংলার অনুমোদনের জন্য পেশ করবে।

নতুন রিলিফ কূপ খননের প্রস্তুতি হিসেবে নাইকো দুর্ঘটনা কবলিত অঞ্চল থেকে ভারি যন্ত্রপাতি সরিয়ে নেয়া এবং নতুন রাস্তা তৈরীর প্রাথমিক কাজ শুরু করেছে। বুধবার থেকে এই কাজ পুরোদমে শুরু হবে বলে জানানো হয়েছে।

এদিকে ছাতকের পুড়ে যাওয়া গ্যাসের ক্ষতি নির্ধারণ কমিটির নাম ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ডঃ এম তামিম। কমিটির সদস্য সচিব হচ্ছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপ প্রধান (পরিকল্পনা) নুরুজ্জামান। অন্য সদস্যরা হলেন, পেট্রোবাংলার সিনিয়র জেনারেল ম্যানেজার কাজী শহীদুর রহমান, বাপেক্স এর একজন ড্রিলিং বিশেষজ্ঞ এবং নাইকোর একজন প্রতিনিধি। কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে রিপোর্ট দেয়ার অনুরোধ করা হয়েছে।

মঙ্গলবার সকালে জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান ইউনোকল বাংলাদেশের প্রেসিডেন্ট এন্ড্রু এল ফাউথ্রপ এর সঙ্গে সৌজন্য সাক্ষাতকারে মিলিত হন। এ সময় উপদেষ্টা তাদের ব্যবহার করা রিগটি নাইকোর রিলিফ কূপ খননে দেয়ার অনুরোধ জানালে তিনি সম্মত হন।

এর পর জ্বালানি উপদেষ্টা নাইকো রিসোর্সেস বাংলাদেশের প্রেসিডেন্ট কাশেম শরীফের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠক শেষে জ্বালানি উপদেষ্টা জানান, বুধবারের মধ্যে নাইকো স্থানীয় জনগণের ক্ষতির ১ কোটি ৮ লাখ টাকা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করবে। তিনি দাবি করেন, মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগের কারণে নতুন রিলিফ কূপ খননের আয়োজন দ্রুত এগুচ্ছে।

কাশেম শরীফ সাংবাদিকদের জানান, রিগ ব্যবহারের জন্য ইতোমধ্যে তারা সেঞ্চুরীর সাথে একটি সমঝোতা স্বারক স্বাক্ষর করেছেন। আশা করা যায় খুব দ্রুত তাদের সাথে চুক্তি স্বাক্ষর হবে। তিনি বলেন, উৎপাদন কূপ খননের জন্য যে রিগ প্যাড করা আছে সেটি ব্যবহার করেই নতুন রিলিফ কূপ খনন করা হবে।

এদিকে, ছাতক গ্যাস ক্ষেত্রে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি মঙ্গলবার মাঠ পরিদর্শনে গেছেন।

এলাকা থেকে পাওয়া খবরে জানা গেছে, সেখানে এখনো আগুন জ্বলছে। তারই মাঝে দুর্ঘটনা এলাকা থেকে ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি সরিয়ে নেয়ার প্রস্তুতি শুরু হয়েছে।